Daily Gazipur Online

শাহজালালে ৫৮ ভরি স্বর্ণ ও সৌদি রিয়ালসহ হজ্জ যাত্রী আটক

মনির হোসেন জীবন : রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮০ গ্রাম (৫৮ ভরি) স্বর্ণ ও সৌদি রিয়ালসহ এক হজ্জ যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ।
এপিবিএন পুলিশ বলছে, আটককৃত ওই ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৪৬)। এসময় তার হেফাজত থেকে ৬৮০ গ্রাম স্বর্ণালংকার, বাংলাদেশি ৭৭,৫৫০ টাকা এবং ১৬,১২৫ সৌদি রিয়াল উদ্ধারমূলে জব্দ করা হয়। জব্দকৃত সোনার আনুমানিক আজকের বাজার মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ ৪৭ হাজার টাকা।
বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) সকসল আনুমানিক সোয়া ১১টার দিকে ক্যানোপি এলাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী দুই থেকে তাকে আটক করা হয়।
বুধবার বিকেলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক দৈনিক আজকের আলোকিত সকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ ও তার শরীর তল্লাশি করে তার গলায় ঝুলানো হাজীদের ব্যাগ থেকে ৬৮০ (ছয়শত আশি) গ্রাম স্বর্ণালংকার, বাংলাদেশি ৭৭,৫৫০ (সাতাত্তর হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা এবং ১৬,১২৫ (ষোল হাজার একশত পঁচিশ) সৌদি রিয়াল উদ্ধার করা হয় এবং জব্দতালিকামূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলোর মান ২১ ক্যারেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক গিয়াস উদ্দিন এপিবিএন পুলিশকে জানান, তিনি ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে ওমরাহ হজ পালন শেষে সৌদি আরব থেকে আজ বুধবার সকালে
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেন। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো তিনি বিভিন্ন ওমরাহ হজযাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করেন। আটককৃত ব্যক্তি বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা যায়।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোজাম্মেল হক দৈনিক আজকের আলোকিত সকালকে বলেন, স্বর্ণ চোরাচালানকারীরা বিভিন্ন রূপ ধারণ করে তাদের অপরাধ সংঘটন করে থাকে। স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই তৎপর রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এপিবিএন পুলিশ আরো জানান, আটক ব্যক্তি অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ আনয়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি এর ১(বি) ধারায় অপরাধ সংঘটন করেছেন। তার বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।