স্টাফ রিপোর্টার : দেশের সাত জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
এদিকে, চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে সারা দেশেই শীতের তীব্র অনুভূতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি আরো জানিয়েছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের মধ্যে আরও একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এ ছাড়া দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।
শীতের দাপটে কাঁপছে দেশ: জনজীবন স্থবির
