Daily Gazipur Online

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট: উত্তর ২৪ পরগনায় বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) রাতে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের দোহারিয়াতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি বাইক থেকে দুষ্কৃতকারীরা চন্দ্রনাথের গাড়িকে পিছু করে এসে অন্তত চার রাউন্ড গুলি চালায়। গাড়ির কাঁচ ভেদ করে তিনটি গুলি তার শরীরে লাগে।

গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।ঘটনার পর সামনে এসেছে গাড়ির ছবিও, যেখানে কাঁচে স্পষ্ট তিনটি বুলেটের দাগ দেখা যাচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুষ্কৃতকারীরা যে বাইকে এসেছিল, তাতে কোনো নম্বর প্লেট ছিল না। ফলে দুষ্কৃতদের শনাক্ত করা এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তৃণমূল-বিজেপির মধ্যে উত্তেজনা বাড়াতে কোনো তৃতীয় শক্তির যোগ থাকতে পারে বলেও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও বর্তমানে মধ্যমগ্রামেই থাকতেন। গত প্রায় পাঁচ বছর ধরে তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন।

রাজ্যে সরকার গঠনের শপথের আগে এই ধরনের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে রাজনৈতিক মহলে। তদন্তে নেমে ইতোমধ্যেই আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

ভোরের আকাশ/এনউব