Daily Gazipur Online

শেষবার গুলশানের বাসায় খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টেনে শেষবারের মতো প্রিয় গুলশানে ফিরলেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে। মরদেহে মোড়ানো ছিল লাল-সবুজের জাতীয় পতাকা। প্রথমে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়।
এর আগে সকাল ৯টার কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতাল থেকে মরদেহ বহন শুরু হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল গভীর শোকের আবহ।
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজন ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। জানাজা ও দাফন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।