Daily Gazipur Online

শ্রীপুর পৌর এলাকা ৫টি ঘোড়ার মাংসসহ এক ব্যক্তি আটক

সোহাগ রানা গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা-এর বেড়াইদেরচালা ২নং সিএন্ডবি বাজারে পাঁচটি ঘোড়ার জবাইকৃত মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বাজার এলাকায় অভিযুক্ত ডালিম মিয়া (৪২)কে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি ঘোড়ার জবাইকৃত মাংস, মাথা ও অন্যান্য বর্জ্যও উদ্ধার করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল প্রধান জানান, দুপুরের দিকে একটি পিকআপ ভ্যানে করে পাঁচটি ঘোড়ার মাংস ঢাকায় পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে তারা নজরদারি চালান। পরে মাথা ও বিভিন্ন অংশ বস্তায় ভরে সরিয়ে ফেলার সময় হাতেনাতে ডালিম মিয়াকে আটক করা হয়।

অভিযুক্ত ডালিম মিয়া দাবি করেন, তার এক আত্মীয় বরিশালে মাংসের ব্যবসা করেন। তিনি জামালপুর থেকে পাঁচটি ঘোড়া কিনে গত মধ্যরাতে নিয়ে আসেন। পরে সেগুলো জবাই করে মাংস দুপুরে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে অভিযুক্তের স্ত্রী মাজেদা বেগম বলেন, তার ছোট বোনের স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনিই ঘোড়া এনে জবাই করেছেন। ময়লা-আবর্জনা ফেলার সময় স্থানীয়রা তাদের আটক করেন।

এ বিষয়ে শ্রীপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।