নাসির উদ্দীন বুলবুল: মানুষ একটি সামাজিক প্রাণী। আমরা সবাই সমাজে জন্মাই এবং সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে জীবন যাপন করি। কিন্তু সমাজের স্বার্থবিরোধী, জনকল্যাণপরিপন্থী কর্মকাণ্ড আজকের দিনে একটি ভয়াবহ দুর্যোগের মতো দেশ ও জাতির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সামাজিক দুর্যোগ বিষয়ে বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ ও মানবসেবায় মাদার তেরেসাঁ স্বর্ণ পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা,সামাজিক দুর্যোগ প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাতা ডা.নাজিম উদ্দিন আহমেদ ডেইলি গাজীপুরের প্রতিবেদককে বলেন ,আমি এটিকে “সামাজিক দুর্যোগ” বলে সংজ্ঞায়িত করি।
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য, ডাক্তার হিসেবে আমার পেশাগত জীবনের শুরু থেকেই আমি জনসেবায় নিয়োজিত হয়েছি। ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও বন্যার সময় আমি সক্রিয়ভাবে জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। ১৯৮৫ সালে উরীরচরের দুর্যোগে, যা সোনাগাজী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়, সেই সময় আমি দুর্যোগপ্রবণ জনতার পাশে দাঁড়িয়েছিলাম। ১৯৯১ সালে, বাংলাদেশ আর্মির আগেও, ডাক্তার জাফুল্লাহ চৌধুরী এবং আমি কুতুবদিয়ায় গিয়ে দুর্যোগপ্রবণ জনতার পাশে দাঁড়িয়েছিলাম। এরপর থেকে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে দেশের জনগণের সেবা করার সুযোগ পেয়েছি।
কিন্তু আজকের চ্যালেঞ্জ শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়। আজ আমাদের দেশের জন্য সবচেয়ে ভয়াবহ হলো সামাজিক দুর্যোগ। এটি দেশের সাধারণ মানুষ, শিশু, নারী এবং যুব সমাজকে ধ্বংস করছে, তাদের পঙ্গু করে দিচ্ছে এবং দেশের উন্নয়ন ও ভবিষ্যতের জন্য ভয়ংকর হুমকি তৈরি করছে। এমন পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগের চেয়েও বিপজ্জনক।
এই ভয়াবহ সামাজিক দুর্যোগের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে আমরা গঠন করেছি “সামাজিক দুর্যোগ প্রতিরোধ পরিষদ”(Social Disaster Prevention Council)। আমাদের লক্ষ্য হলো দেশের মানুষকে সচেতন করা, সাদা মনের মানুষ এবং সত্যিকারের ভালো মানুষদের একত্রিত করা। আমরা চাই, সকলে একসাথে দাঁড়িয়ে এই সামাজিক দুর্যোগ প্রতিরোধে অংশ গ্রহণ করুক ।

গণস্বাস্থ্য ও ডাক্তার নাজিমউদ্দিন গরিবের অবদান
এই আন্দোলনের প্রতিষ্ঠাতা, জনসেবায় নিবেদিত ডাক্তার নাজিমউদ্দিন গরিব, গণস্বাস্থ্যের ফাউন্ডার ও ট্রাস্টি মেম্বার, জনগণের মধ্যে ডাক্তার ভাই নামে পরিচিত। তিনি জন্মগতভাবে ভাওয়াল স্টেটের প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর বাবা, আমজাদ আলী সরকার, ভাওয়াল স্টেটের সকল বাজারের ইজারাদার ছিলেন এবং ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
ডাক্তার নাজিমউদ্দিন গণস্বাস্থ্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের জন্য অশেষ সেবা করেছেন। স্বাধীনতা যুদ্ধে তিনি ভারতের আগরতলায় আরএম ফোর্স হাসপাতাল নির্মাণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন। স্বাধীনতার পর তার নামান্তরে “গণস্বাস্থ্য কেন্দ্র” গঠন করা হয়েছে। তিনি ১৯৮৫ সালের উরীরচরের দুর্যোগ ও ১৯৯১ সালের কুতুবদিয়ার দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশের বহু জেলায় গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতাল নির্মাণে নিজের জীবন উৎসর্গ করেছেন। এছাড়াও তিনি টঙ্গী বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জমিতে বাবার নামে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন।
সামাজিক দুর্যোগের চ্যালেঞ্জ
আজ বাংলাদেশের সামাজিক দুর্যোগের চেহারা আরও ভয়াবহ। নিরক্ষরতা, মাদকাসক্তি, শিশু ও নারী নির্যাতন, খাদ্যে ভেজাল, ঘুষ-দুর্নীতি—এসব সমস্যার কারণে সামাজিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের চেয়েও ভয়ংকর রূপ ধারণ করেছে। যদি সামাজিক দুর্যোগ প্রতিরোধ করা না যায়, তাহলে সর্বক্ষেত্রে অস্তিরতা ও নৈরাজ্য সৃষ্টি হবে, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে তছনছ করবে।
এই পরিস্থিতি মোকাবেলার জন্য, প্রতিটি জেলা সদরে সামাজিক দুর্যোগ প্রতিরোধ কমিটি গঠন করা এখন সময়ের দাবি। জাতিকে সচেতন করার লক্ষ্যে, ৮৪ বছর বয়সী এই মানুষটি নিজেকে যুবক মনে করে এবং সামাজিক দুর্যোগ প্রতিরোধে দেশ ও জাতির পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।
সামাজিক দুর্যোগ প্রতিরোধ পরিষদের মূল লক্ষ্য
১. মানবসৃষ্ট ও সমাজবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি।
২. সভা, সেমিনার এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে জনগণকে জাগ্রত করা।
৩. সমাজের সচেতন মানুষদের নিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
৪. দেশের ৬৪ জেলা থেকে সাদা এবং কালোকে স্পষ্টভাবে চিহ্নিত করতে সক্ষম, বিবেকবান, স্বচ্ছ মানুষদের কমিটি গঠন।
৫. অরাজনৈতিক এবং স্বাধীনভাবে কাজ করা।
ডাক্তার নাজিমউদ্দিন বলেন, “আমি নিজেকে ৮৪ বছরের যুবক মনে করি। আমি মনে করি আমার বয়স নয়, মনন ও উদ্যোগই মানুষকে যুবক রাখে।” তাঁর মতো উদাহরণ অনুসরণ করে, দেশপ্রেমিক এবং মানবকল্যাণমুখী মানুষদের আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে।
শেষ কথা
আমাদের একসাথে উদ্যোগই দেশের শক্তি। জাতির কল্যাণে, দেশের মানুষের পাশে, আমরা সবাই হাতে হাত মিলাই। সামাজিক দুর্যোগ প্রতিরোধে আমাদের প্রতিটি পদক্ষেপ একটি সুন্দর, সুস্থ এবং নিরাপদ সমাজ গঠনে অবদান রাখবে।
সামাজিক দুর্যোগ প্রতিরোধ পরিষদ(Social Disaster Prevention Council)
মানবসৃষ্ট সকল সমাজবিরোধী, জনকল্যাণ পরিপন্থী কর্মকাণ্ডকে সামাজিক দুর্যোগ হিসেবে প্রতিহত করতে এবং দেশের মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছে।
