ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): সারাদেশে নারী ধর্ষণ-শ্লীলতাহানি এখন সন্ত্রাসী-প্রভাবশালীদের ক্ষমতা প্রদর্শনের হাতিয়ারে পরিণত হয়েছে। ধর্ষণ-নির্যাতন রোধে ব্যর্থ এই সরকারের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ও সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মাছ মার্কার প্রার্থী কমরেড ডা: এম. এ. সামাদ।
আজ ৮ অক্টোবর ২০২০ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে নোয়াখালী-সিলেট সহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে ডা: এম. এ. সামাদ বলেন, “শুধু নোয়াখালী-সিলেট নয় সারাদেশে ধর্ষণ আজ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ক্ষমতাসীন দলের সদস্যরা নিজেদের ধরাছোয়ার বাইরে মনে করছেন। তারা নিজেদের এতই ক্ষমতাশালী মনে করছেন যে, তারা ভাবছেন তারা যাকে ইচ্ছা ধর্ষণ-নির্যাতন করতে পারেন। কেউ তাদের বাঁধা দেওয়ার নেই। নারী ধর্ষণ-শ্লীলতাহানি এখন তাদের ক্ষমতা প্রদর্শনের অন্যতম হাতিয়ার। নিজেদের নেতাকর্মীদের ধর্ষণ-নির্যাতন সহ যাবতীয় অপকর্ম থেকে বিরত রাখতে ব্যর্থ সরকারের উচিত পদত্যাগ করা।”
তিনি আরো বলেন, “আমাদের সমাজে এখনও যেকোন ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনায় ভুক্তভোগী নারীকেই ঐ ঘটনার প্ররোচক বা প্রভাবক হিসেবে বিবেচনা করা হয়। “রাস্তায় ফ্যান ছিটাইয়া থুইলে কুত্তায়তো চাটবোই।” অর্থাৎ কুত্তার স্বভাব হলো চাটা, সে সুযোগ পেলেই চাটবে। অধিকাংশ মানুষ এই ধারণা পোষণ করেন। এই মানসিকতার পরিবর্তন করতে হবে। নারীর সম্ভ্রম রক্ষার প্রয়োজনে পুরুষের চরিত্র পরিবর্তন করতে হবে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সর্বত্র চরিত্র গঠনের উপর জোর দিয়ে প্রচারণা চালাতে হবে। নিপীড়কদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।”
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক বলেন, “আমরা শুধু ঘরে-বাইরে মেয়েরা অন্য পুরুষ দ্বারা ধর্ষিত হলেই তা আলোচনায় টেনে আনছি। কিন্তু অনেক মেয়েই আছে যারা নিজের ঘরে পারিবারিক সদস্যদের দ্বারা বিভিন্ন রকম যৌন নির্যাতন এমনকি ধর্ষণের শিকার হচ্ছে যা ভুক্তভোগী মেয়েরা বলতে পারে না এবং এসব ঘটনা লোকচক্ষুর আড়ালেই থেকে যাচ্ছে। এই প্রবণতা ও চর্চা ক্রমশ উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে। এ বিষয়েও নজর দেয়া একান্ত জরুরি বলে মনে করি। ঘরে-বাইরে সবখানে নারী-শিশু ধর্ষণ-নির্যাতন বন্ধে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য বিজ্ঞানী বীরমুক্তিযোদ্ধা কমরেড শামসুল হক সরকার, দপ্তর সম্পাদক বিধান দাস, কমরেড তোবারক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড মোখলেছুর রহমান, কেন্দ্রীয় সংগঠক কমরেড সবুজ মিস্ত্রী, ছাত্রনেতা কমরেড আদিত্য রহমান সুমন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, কমরেড জবা আক্তার সহ পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।