Daily Gazipur Online

২ বাসের প্রতিযোগিতায় কৃষকের মৃত্যু, বাসচালক গ্রেপ্তার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে দুই বাসের প্রতিযোগিতায় বাসের চাপায় পড়ে কৃষকের মৃত্যুর ঘটনায় বাসচালক মো. আল-আমিনকে মুন্সিগঞ্জ সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রবিবার (৩ জুলাই) রাতে মনজিল এক্সপ্রেস পরিবহনের বাসচালক মো. আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, আল আমিন তার ড্রাইভিং লাইসেন্স আছে দাবি করলেও র‌্যাবের কাছে প্রদর্শন করতে পারেননি। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তার গাড়ি চালানোর কোনো প্রশিক্ষণও নেই। কোনো গাড়ি চালকের কাছ থেকে চালানো শিখেছেন। ট্রাফিক নিয়মাবলী সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। যাত্রী নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনা ঘটে এবং নিরীহ পথচারীদের জীবন প্রদীপ নিভে যায়।
সোমবার (৪ জুলাই) দুপুরে কারওয়ানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
র‌্যাব জানায়, গত ২ জুলাই নিহত মো. জাহাঙ্গীর মোল্লা ভাগিনা ও ভায়রাকে নিয়ে গোলাপশাহ মাজার থেকে পায়ে হেঁটে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় পথে মনজিল এক্সপ্রেস পরিবহনের দুইটি বাস প্রতিযোগিতা করে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালকরা। এ সময় জাহাঙ্গীরকে চাপা দিয়ে সড়কদ্বীপের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
তিনি বলেন, এ দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারায় পল্টন মডেল থানার মামলা দায়ের করেন। এরপর আমরা আসামিকে ধরতে সক্ষম হয়।