‘জুলাই রেবেলস’ সংগঠনের সদস্যের উপর হামলার ঘটনায় ২ জন গ্রেফতার

0
165
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় ‘জুলাই রেবেলস’ সংগঠনের এক সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেফতার হওয়া দুইজন হলেন মো. মাসুম ও মো. ফাহিম খান।
আজ রবিবার (১৪ ডিসেম্বর, ২০২৫) ভোরে রাজধানীর দক্ষিণখান এলাকায় এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ‘জুলাই রেবেলস’ সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় আনতে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১৪ ডিসেম্বর, ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এই দুই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ আরো জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রাখা হয়েছে।
পুলিশ ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়েছিলেন মোহাম্মদ রেজওয়ান। সেখান থেকে জুলাই রেভেলসের অফিসে এসে বসেছিলেন। এ বিষয়ে জুলাই রেভেলসের সহসংগঠক মো. পারভেজ জানান, হাদি ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন শেষ করে সন্ধ্যায় অফিসে বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছিলেন রেজওয়ান। এ সময় কিছু সন্ত্রাসী রেজওয়ানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত রেজওয়ান সংগঠনের প্রস্তাবিত সহসংগঠক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here