
এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন নাগরিকদের নাগরিক সেবা, যে কোন ধরনের তথ্য ও অভিযোগ জানতে চালু হচ্ছে ৩৩৩ নম্বরে হটলাইন সেবা।
আগামীকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশান-২ লেভেল-৮ ডিএনসিসির তথ্য ও নাগরিক সেবা (২৪ ঘণ্টা) হটলাইন ৩৩৩ উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হটলাইন সেবা’র শুভ উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাল মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর গুলশান-২ নগরভবনে লেভেল-৮ এ ডিএনসিসির তথ্য ও নাগরিক সেবা হটলাইন ৩৩৩ উদ্বোধন হতে যাচেছ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ও স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া অনুষ্ঠানে ডিএনসিসি উত্তরের ওয়ার্ড কাউন্সিলর, ডিএনসিসি’র উর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত থাকবেন।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ২০১৮ সাল থেকে সরকারি বিভিন্ন তথ্যসেবা, কর্মকর্তাদের তথ্য, বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার এবং পর্যটন ও জেলাসম্পর্কিত যেকোনো জানতে হটলাইন ৩৩৩ চালু হয়। এর মাধ্যমে কাল মঙ্গলবার উদ্বোধনের মধ্য দিয়ে দেশের নাগরিকরা ৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবাপ্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন এলাকার পর্যটনের স্থানসমূহ এবং বিভিন্ন জেলাসম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। ৩৩৩ এর সেবা হটলাইনের মাধ্যমে এখন থেকে নাগরিকদের নাগরিক সেবা, অভিযোগ বা যেকোনো তথ্য জানাতে হটলাইনটির সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।






