করোনা : কোনো কারণেই পানির সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না

0
211
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণকালীন সারাদেশে সরকারি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে কোনো কারণেই গ্রাহকের পানির সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না বলে নির্দেশনা দেয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে চারটি বিভাগীয় শহরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীর কাছে চিঠি পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক মহামারি হিসেবে ঘোষিত করোনাভাইরাসের সংক্রমণকালীন ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার অধীন এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
চার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের প্রভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনো কারণেই পানি সরবরাহ লাইন বিচ্ছিন্ন করা যাবে না।
ওয়াসার অধীন এলাকা ছাড়াও দেশের অন্যসব সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। করোনাভাইরাস সংক্রমণের প্রভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনো কারণেই গ্রাহকের পানি সরবরাহ লাইন বিচ্ছিন্ন করা যাবে না বলে তাদেরও নির্দেশনা দেয়া হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী, বরিশাল, কুমিল্লা, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সকল পৌরসভার মেয়রকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
অপর আদেশে ওয়াসার অধিভুক্ত যেসব এলাকায় জনসমাগম হয় সেসব স্থানে হাতধোয়ার স্পট তৈরি করে প্রয়োজনীয় হাতধোয়ার সাবান বা হাত জীবাণুমুক্ত করার জন্য স্যানিটাইজার রাখতে বলা হয়েছে।
এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে করণীয় শীর্ষক প্রচারণা বা ক্যাম্পেইন চালাতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, এই প্রচারণা বা ক্যাম্পেইনের সময় কোনো ধরনের গণজমায়েত করা যাবে না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here