

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুর মহানগর টঙ্গীতে বৃহস্পতিবার শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি সালাহ উদ্দিন সরকারের টঙ্গীর বাসভবন প্রাঙ্গনে এক প্রস্তুতি সভা চলাকালে বিপুল সংখ্যক পুলিশ বাড়িটি ঘেরাও দিয়ে রাখে। পরে সন্ধ্যায় পুলিশ বাড়ির ভেতর ঢুকে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেনসহ অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। সালাহ উদ্দিন সরকার জানান, ঢাকায় মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের সাথে ঘরোয়া আলোচনা করছিলেন। এসময় পুলিশ তার বাড়ি ঘেরাও দিয়ে অন্ততঃ ৫০-৬০ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। তাকেও গাড়ীতে উঠানো হলেও অসুস্থতার কারণে পরে রেখে যায়।
মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু জানান, বুধবার মধ্য রাতে মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারের নগরীর কাশিমপুরের বাড়ি ঘেরাও করে পুলিশ। এসময় পুলিশ বাড়িতে ঢুকে ব্যাপক তল্লাশি চালায়। ঘটনার সময় শওকত হোসেন সরকার বাড়িতে ছিলেন না। এসব ধরপাকড় ও তল্লাশির ব্যাপারে জিএমপি পুলিশ কর্মকর্তারা তাৎক্ষনিক কোন বক্তব্য দেননি। তবে গ্রেফতার বা আটকের সংখ্যা পরে জানানো হবে জানিয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে অভিযান অব্যাহত আছে। আটককৃতদের সংখ্যা পরে ব্রিফ করে জানানো হবে।






