শাহবাগে চলছে আধিপত্যবাদবিরোধী সমাবেশ, স্লোগানে স্লোগানে উত্তাল

0
129
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও আধিপত্যবাদবিরোধী সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন বিক্ষোভকারীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শাহবাগ এলাকায় জনসমাগম বাড়তে থাকে।
এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আজাদী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ এমন নানা স্লোগানে শাহবাগ মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে একাত্মতা প্রকাশ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে সক্রিয় রয়েছে। তারাই হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান রাশেদ প্রধান বলেন, হাদি আমাদের মাঝ থেকে চলে গেলেও তার আদর্শ রয়ে গেছে। তিনি দাবি করেন, দেশের মাটিতে কোনো আধিপত্যবাদ চলবে না এবং ঘরে ঘরে হাদির মতো মানুষ জন্ম নেবে। আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।
রায়েরবাগ এলাকা থেকে আগত বাবলা ও সজীব বলেন, একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে হত্যা করা হয়েছে। তাই তার বিচারের দাবিতে তারা আন্দোলনে যুক্ত হয়েছেন। দ্রুত খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কাঁঠালবাগান থেকে আসা মৌসুম সিদ্দিক বলেন, গণঅভ্যুত্থানের পর যাদের ক্ষমতায় বসানো হয়েছে, তাদের আমলেই হাদির মতো একজন নির্ভীক যোদ্ধাকে হারাতে হলো। এই পরিস্থিতিতে বিচার কোথায় চাইব এ প্রশ্নও তোলেন তিনি।
সমাবেশে ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, এবি পার্টি, ডাকসু, জাগপাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here