বাংলাদেশ সেনাবাহিনীর টহলের কার্যকারিতা: সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে জনমনে নানা প্রশ্ন

0
59
728×90 Banner

অ্যাডভোকেট এম এ মজিদ: বাংলাদেশ সেনাবাহিনী দেশের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ, পেশাদার ও আস্থাভাজন প্রতিষ্ঠানগুলোর অন্যতম। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা জাতীয় সংকটে – এই বাহিনী বহুবার জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাই সেনাবাহিনীকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বেশি।
কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় একটি প্রশ্ন জনমনে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে – বর্তমানে বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিকভাবে পরিচালিত সরকার হওয়া সত্বেও কেন দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীকে মাঠপর্যায়ে টহল ও দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে?
বাংলাদেশে বর্তমানে আনুষ্ঠানিক সামরিক শাসন বা রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি নেই। আইনশৃঙ্খলা রক্ষার সাংবিধানিক দায়িত্ব মূলত পুলিশ, র‍্যাব ও বেসামরিক প্রশাসনের ওপর ন্যস্ত। তারপরও দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল, চেকপোস্ট ও উপস্থিতি অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করছে – এটি কি কেবল প্রতীকী উপস্থিতি, নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত?
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, টহলরত সেনাবাহিনীর কর্মকর্তাগণকে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা প্রদান করা হয়েছে। সাধারণ জনগণের ধারণা, এই ক্ষমতা কেবল প্রদর্শনের জন্য নয়; বরং চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস, ধর্ষণ, কিশোর গ্যাং, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যই এ ধরনের ক্ষমতা দেওয়া হয়।
অথচ বাস্তবে জনগণ প্রায় প্রতিদিন পত্রিকা, টেলিভিশন ও সামাজিক মাধ্যমে চাঁদাবাজি, ধর্ষণ, অবৈধ জমি ও ব্যবসা দখল ও সন্ত্রাসী কর্মকান্ডসহ আইনশৃঙ্খলার অবনতির নানা সংবাদ প্রতিনিয়ত ভয়াবহভাবে দৃশ্যমান। ব্যবসায়ী, পরিবহন খাত, বাজার ও স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির অভিযোগও নিয়মিত ঘটনা, যা বিভিন্ন শোসাল মিডিয়ায় দৃশ্যমান। এসব ঘটনা বাস্তব ঘটনা জনগণের মনে প্রশ্ন জাগতেই পারে – সেনাবাহিনীর মাঠপর্যায়ের উপস্থিতি ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বাস্তব কার্যকারিতা নেই কেন?
আবার যদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তাহলে দীর্ঘমেয়াদি সামরিক টহলের প্রয়োজনীয়তা নিয়েও স্বাভাবিকভাবেই জনমনে নানাবিধ প্রশ্নবোধক সমালোচনা তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো – এই প্রশ্নগুলো সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করার জন্য নয়; বরং তাদের ভাবমূর্তি ও জনআস্থার বিষয়টির সঙ্গেই জড়িত। কারণ জনগণ এখনো বিশ্বাস করে, সেনাবাহিনী রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থাকা একটি জাতীয় ও সার্বভৌম রক্ষার একটি প্রতিষ্ঠান। কিন্তু যদি তাদের উপস্থিতি দৃশ্যমান হয় অথচ জনগণ দৃশ্যমান ফল না দেখে, তাহলে ধীরে ধীরে সেই উপস্থিতি কার্যকারিতার বদলে প্রতীকী বা আনুষ্ঠানিক বলে মনে হতে পারে। আর সেটি দীর্ঘমেয়াদে বাহিনীর ভাবমূর্তির জন্যও সুখকর নয়।
তাই সময় এসেছে সরকার, বেসামরিক প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে জনগণের সামনে স্পষ্টভাবে ব্যাখ্যা করার :
সেনাবাহিনীর বর্তমান দায়িত্বের সুনির্দিষ্ট পরিধি কী?
তাদের টহলের উদ্দেশ্য কী?
নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাস্তবে কতটুকু প্রয়োগ করা হচ্ছে?
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় তাদের ভূমিকার সীমা কোথায়? এবং
সবচেয়ে বড় কথা, দীর্ঘমেয়াদে দেশে স্বাভাবিক বেসামরিক আইনশৃঙ্খলা ব্যবস্থায় পুরোপুরি ফিরে যাওয়ার পরিকল্পনা কী?
কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের প্রশ্ন তোলার অধিকার যেমন আছে, তেমনি রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে সেই প্রশ্নের স্বচ্ছ ও যুক্তিসংগত উত্তর দেওয়ার। বাংলাদেশের সেনাবাহিনী দেশের গৌরব ও অহংকার – এই আস্থা যেন কোনো অবস্থাতেই বিভ্রান্তি, অস্বচ্ছতা বা অকার্যকর উপস্থিতির কারণে প্রশ্নবিদ্ধ না হয়, সেটিই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

লেখক: সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, জাতীয় সাংবাদিক সোসাইটি এবং ওয়ার্ল্ড পীছ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here