

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। রিটে তার সঙ্গে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার এ রিট আবেদন করেন। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
গত রোববার (৩১ মে) রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। তবে তিনি আলাদা একটি কক্ষে অবস্থান করতেন। কয়েকদিন ধরে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা একজন নার্সকে ডাকেন। ওই নার্স কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহটি দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় তাতে পচন ধরেছিল এবং কক্ষজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এছাড়া যে কক্ষে তিনি থাকতেন, সেটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন, অগোছালো এবং আবর্জনায় ভরা।
ঘটনাস্থলের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দীর্ঘদিন ধরে নুরজাহান বেগম অবহেলা ও যথাযথ পরিচর্যার অভাবে ছিলেন।
পুলিশি অনুসন্ধানে জানা গেছে, নুরজাহান বেগমের তিন ছেলে সমাজে প্রতিষ্ঠিত অবস্থানে রয়েছেন। তাদের মধ্যে একজন সরকারের যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক এবং অন্যজন কানাডাপ্রবাসী। এছাড়া তার মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বৃদ্ধার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ঘটনাটির প্রকৃত চিত্র উদঘাটন এবং কোনো মানবাধিকার লঙ্ঘন ঘটেছে কি না, তা নিরূপণে আদালতের হস্তক্ষেপ চেয়ে রিট আবেদন করা হয়েছে।






