
ডেইলি গাজীপুর প্রতিবেদক : দুর্নীতি মামলায় দুই বছরের অধিক সময় কারাভোগের পর সরকারের মহানুভবতায় মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় ব্যর্থতায় অসন্তোষ থাকলেও সরকারের মহানুভবতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। কারামুক্তির পর গুলশানের ভাড়া বাড়ি ফিরোজায় উঠেছেন বেগম জিয়া। আছেন ফুরফুরে মেজাজে।
এদিকে দলীয় নেত্রীর মুক্তিতে অস্বস্তিতে পড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক কিভাবে দল পরিচালনা করেছেন, কেন তার মুক্তি আন্দোলন গড়ে তুলতে পারেননি- সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন খালেদা। গুঞ্জন উঠেছে, দলকে পুনর্জীবিত করতে শিগগির নেতৃত্বে বড় ধরণের পরিবর্তন আনবেন তিনি। যার কারণে দলের দায়িত্ব হারানোসহ পারিবারিক সম্পত্তির হিসাব নিয়ে বিপাকে পড়েছেন তারেক।
যুক্তরাজ্যভিত্তিক বিএনপিঘেষা একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, দুর্নীতি মামলায় বেগম জিয়া সাময়িক মুক্তি পাওয়া শুরুতে খুশি হলেও দিন গড়ানোর সাথে সাথে নানা চিন্তায় অস্বস্তিতে পড়েছেন তারেক। দলীয় নেত্রীর কারামুক্তির আন্দোলন গড়ে তুলতে ব্যর্থতা, দল গোছানোর নামে বিভক্তি ও ভাঙন তরান্বিত করা, একাদশ নির্বাচনে শোচনীয় পরাজয়সহ অন্যান্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারার মতো বিষয়ে বেগম জিয়াকে কী জবাব দেবেন- সেটি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। পাশাপাশি ছোটভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সম্পদ দখলের যে অভিযোগ করেছেন কোকোর স্ত্রী শর্মিলা, সেটিরই বা কী জবাব দেবেন তারেক? এই সব চিন্তায় কাহিল হয়ে পড়েছেন তিনি। এছাড়া লন্ডনের বাতাসে গুঞ্জন ছড়িয়েছে যে, তারেক রহমানকে সরিয়ে আপাতত মির্জা ফখরুলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে চান বেগম জিয়া। তিনি মির্জা ফখরুলকে দায়িত্ব দিয়ে বিএনপিকে নতুনভাবে গড়ে তুলতে চান। জেলে বসেই বেগম জিয়া এই ধরণের ছক কষেছেন। বিএনপিকে এক বছরের জন্য হলেও পরিবারতান্ত্রিক রাজনীতির বদনাম থেকে মুক্তি দিতে চান। চলমান এসব গুঞ্জনের কারণে কিছুটা বেকায়দায় পড়েছেন তারেক। এমনকি দেশে তার বিশ্বস্ত অনুচর রিজভী আহমেদের মাধ্যমেও এমন ধরণের তথ্য পেয়ে কিছুটা বিচলিত হয়েছেন তিনি।
তারেক রহমানের অস্বস্তির বিষয়ে জানতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে তো নানা গুজবই শুনি। বেগম জিয়া মুক্তি পেয়েছেন, এতে আমরা সবাই খুশি। দলকে চাঙ্গা করতে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটি আমরা মাথা পেতে নেব। তারেক রহমান বা আমি না থাকলেও বিএনপি চলবে। তবে লিডার (তারেক) কয়েকদিন যাবৎ আমার সাথে যোগাযোগ করছেন না। কেন করছেন না- সেটি নিয়ে আমিও কিছুটা দুশ্চিন্তায় আছি।






