এক প্রধান শিক্ষক, এক স্বপ্নকারিগর: দিনাজপুর জিলা স্কুলে মো. আবুল কাশেমের আলোকিত অভিযাত্রা

0
173
728×90 Banner

দিনাজপুর প্রতিনিধি: আজ ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার। সকাল ঠিক ১০টায় আমি গিয়েছিলাম দিনাজপুর জিলা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মো. আবুল কাশেম স্যারের সঙ্গে দেখা করতে। উপলক্ষটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ – আগামী ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, অপরাহ্ন ৩টায় দিনাজপুর জিলা স্কুল ১৯৬৮ ব্যাচ কল্যাণ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা এবং কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য শিক্ষক মিলনায়তন ব্যবহারের চূড়ান্ত অনুমোদন গ্রহণ। যদিও নোটিশ প্রকাশের আগেই তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলে অনুমতি নিয়েছিলাম, তবু সরাসরি গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক সম্মতি গ্রহণ করাটাই শোভন মনে হয়েছিল।
“শিক্ষকরা ভালো” – এ কথা চিরন্তন সত্য বাণী। কিন্তু দিনাজপুর জিলা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মো. আবুল কাশেম যে এতটা ভালো, তা সত্যিই আমার কল্পনারও বাইরে। তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলে আমি শুধু অভিভূতই হইনি, রীতিমতো বিস্মিত ও হতবাক হয়ে পড়েছি। দীর্ঘ আলাপে মনে হয়েছে – তিনি যেন শুধু একজন প্রধান শিক্ষকই নন – তিনি এক স্বপ্নদ্রষ্টা, এক নির্মাতা, এক নীরব সাধক।
চলতি বছরের ৮ জুলাই তিনি দিনাজপুর জিলা স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। অথচ এই স্বল্প সময়ের মধ্যেই যে বিপুল, বিস্তৃত, সুদূরপ্রসারী এবং মানবিক কর্মযজ্ঞ তিনি তিনি হাতে নিয়েছেন এবং বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা সত্যিই অকল্পনীয়। প্রতিষ্ঠানকে তিনি শুধু ইট-পাথরের ভবন হিসেবে দেখেন না, তিনি দেখেন এক একটি জীবন্ত মানুষ গড়ার কারখানা হিসেবে।
আমি তাঁকে আমাদের ১৯৬৮ ব্যাচের উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ দিলাম। কথা বলতে বলতে আমার মনে হলো – তিনি শুধু শুনছেন না, গভীর মনোযোগ দিয়ে উপলব্ধি করছেন। যেন আমাদের কথাগুলো তিনি তাঁর মনের মনিকোঠায় তুলে রাখছেন। সেই মুহূর্তেই আমি অনুভব করলাম, আমাদের ১৯৬৮ ব্যাচকে তিনি আন্তরিকতার সঙ্গে আপন করে নিয়েছেন।
আমাদের ১৯৬৮ ব্যাচের একটি দীর্ঘদিনের স্বপ্ন ছিল – দিনাজপুরে একটি “দিনাজপুর প্রবীণ নিবাস ও প্রশিক্ষণ কেন্দ্র” স্থাপন করা। দুর্ভাগ্যজনকভাবে, আমাদেরই ২/৩ জন বন্ধুর অহেতুক ও অনাকাঙ্ক্ষিত সর্বোচ্চ প্রতিবন্ধকতায় সে স্বপ্ন একসময় থেমে যায়। বিষয়টি তাঁকে জানালে তিনি গভীর সহানুভূতির সঙ্গে তা শোনেন এবং স্পষ্ট কণ্ঠে বলেন – তিনি নিজে এবং তাঁর পরিচিত মানবিক ও মহানুভব মানুষদের মাধ্যমে এই মহৎ ও কল্যাণকর উদ্যোগটি বাস্তবায়নের জন্য তাঁর সাধ্যানুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবেন। একজন প্রধান শিক্ষকের মুখে এমন মানবিক অঙ্গীকার শুনে হৃদয় আপনা থেকেই নত হয়ে আসে।
মনে পড়ল একটি অমর পঙ্‌ক্তি –
“রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নেই,
আছে শুধু ভালোবাসা দিলাম আমি তাই।”
আমার হাতে থাকা ১৯৬৮ ব্যাচের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত রজতজয়ন্তী স্মারক ম্যাগাজিনটি তাঁকে উপহার দিলে তিনি তা অত্যন্ত আগ্রহ ও যত্নের সঙ্গে গ্রহণ করেন এবং আন্তরিক প্রশংসা করেন। তিনি বলেন, স্কুলে নানান অনুষ্ঠান ও প্রতিষ্ঠাবার্ষিকী নিয়মিত হয়, কিন্তু কোনো একটি ব্যাচের ৫০ বছর পূর্তি বা রজতজয়ন্তী এত আড়ম্বর ও নিষ্ঠার সঙ্গে উদযাপন – তা সত্যিই বিরল ও বিস্ময়কর। এজন্য তিনি আমাদের ১৯৬৮ ব্যাচের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেন।
এরপর তিনি আমাকে সঙ্গে নিয়ে স্কুল প্রাঙ্গণের প্রতিটি ভবন ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। শুধু দেখানো নয় – প্রতিটি স্থাপনার পেছনের দর্শন, প্রয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনা তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। প্রথমেই দেখালেন আধুনিকভাবে সজ্জিত শিক্ষক মিলনায়তনটি, যার সৌন্দর্য ও কার্যকারিতা আগামী দিনের নানা শিক্ষাবান্ধব আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে। জানালেন, এর কাজ আগামীকালের মধ্যেই সম্পূর্ণ হবে।
এরপর তাঁর কক্ষের ঠিক পূর্ব পাশে নির্মাণাধীন আধুনিক সুইমিং পুলের জায়গাটি দেখালেন। তাঁর দৃঢ় বিশ্বাস – কোনো শিক্ষার্থী যেন সাঁতার না জানার কারণে জীবনের ঝুঁকিতে না পড়ে। তাই সকল শিক্ষার্থীকে সাঁতার শেখানোর পরিকল্পনা তাঁর। সাঁতার যে একদিকে জীবনরক্ষাকারী দক্ষতা, অন্যদিকে উৎকৃষ্ট ব্যায়াম – সে কথাও তিনি স্মিত হেসে উল্লেখ করলেন।
পাশেই দ্রুতগতিতে এগিয়ে চলেছে একটি পাঁচতলা ভবনের নির্মাণকাজ। ভবনটির নামকরণ করা হবে “ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ ভবন” – বাংলার বহুমুখী প্রতিভা এবং জ্ঞানচর্চার প্রতি এক গভীর শ্রদ্ধার নিদর্শন। একে একে তিনি দেখালেন পল্লীকবি জসিম উদ্দিন ভবন, শেরে বাংলা এ. কে. ফজলুল হক ভবন, কাজী নজরুল ইসলাম ভবন, স্যার জগদীশ চন্দ্র বসু ভবন, কাজী কাদের নেওয়াজ অডিটোরিয়াম। প্রতিটি নামেই রয়েছে ইতিহাস, ঐতিহ্য ও প্রেরণার ছাপ।
সবশেষে তিনি আমাকে নিয়ে গেলেন শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য নির্মিত অপেক্ষাকক্ষ – নামটি বড়ই মায়াবী: “কিছুক্ষণ”। সেখানে অভিভাবকদের জন্য থাকবে কেরাম বোর্ডসহ আরো কিছু খেলার ব্যবস্থা, নামাজ আদায়ের স্থান এবং পরিচ্ছন্ন ওয়াশরুম। যেন সন্তানদের অপেক্ষার সময়টুকুও হয়ে ওঠে মানবিক ও স্বস্তির।
তৃতীয় ও চতুর্থ শ্রেণির কক্ষগুলোতে আঁকা হয়েছে এমন সব রঙিন ও শিক্ষণীয় চিত্র, যা শিশুদের আনন্দ দেয়, কৌতূহল জাগায় এবং অজান্তেই শেখায়। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি ভীষণ প্রিয়। শুধু মানুষের কাছেই নয় – স্কুল চত্বরে থাকা বেওয়ারিশ কুকুরগুলোর কাছেও তিনি আপনজন। তাদের প্রতি ভালোবাসা থেকেই তিনি গঠন করেছেন “প্রাণী কল্যাণ ক্লাব”, যার হৃদয়ছোঁয়া স্লোগান –
“পথপ্রাণীদের খাবার ও পানি দিন।”
কুকুরদের প্রতি তাঁর এই মমত্ববোধ দেখে অভিভূত না হয়ে পারলাম না। এই মানুষটি যেন মানবিকতার এক চলমান পাঠশালা।
আমার দৃঢ় বিশ্বাস – আগামী দিনের ভবিষ্যৎ নির্মাতা যারা, অর্থাৎ শিক্ষকগণ, যদি মো. আবুল কাশেম স্যারের মতো হন; যদি দেশের প্রতিটি স্কুলে এমন প্রধান শিক্ষক থাকেন – তাহলে প্রতিটি বিদ্যালয় থেকেই বেরিয়ে আসবে সোনার মানুষ। আর তাদের হাত ধরেই আমাদের এই বাংলাদেশ একদিন সত্যিকার অর্থেই হয়ে উঠবে সোনার বাংলাদেশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here