টঙ্গী সাব রেজিস্ট্রি অফিস: সাব রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাদের ভোগান্তি: রাজস্ব হারাচ্ছে সরকার

0
327
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: গাজীপুরের টঙ্গী সাব রেজিস্ট্রি অফিসে নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাদের ভোগান্তির শেষ নেই। জমির দলিল করতে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও কাঙিক্ষত সেবা মিলছে না। এতে করে একদিকে যেমন সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে জমিজমা, ঘরবাড়ি ও অন্যান্য সম্পত্তি বেচাকেনা বন্ধের উপক্রম হয়েছে।জমি ক্রেতা-বিক্রেতাদের সঠিক সেবা দিতে না পারায় রেজিস্ট্রি অফিসকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করে থাকেন সেই দলিল লেখক, ভেন্ডার ও তাদের সহযোগীদের সহস্ত্রাধিক পরিবার বেকার হয়ে পড়ছেন। যা সামগ্রিক অর্থনীতিকে বাজে প্রভাব ফেলছে।
টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসটি রাজধানী ঢাকার লাগোয়া গাজীপুরের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি অফিস। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা, পূবাইল ও গাছা থানা এলাকার সব জমিজমা ও স্থাপনার দলিল সম্পাদন এখানে হয়ে থাকে এখানে। নগরায়নের ছোঁয়া লাগায় এবং শিল্পাঞ্চল হওয়ায় এই চারটি মেট্রিপলিটন থানা এলাকায় জমিজমা অনেক বেশি হস্তান্তর হয়ে থাকে। যার ফলে সরকারি কোষাগারে বড় অংকের রাজস্ব যোগ হয়। সরকারি ছুটির দিন ব্যতীত সপ্তাহে ৫ দিন টঙ্গী সাব রেজিস্ট্রি অফিস চালু থেকেও সেবাগ্রহীতাদের সেবা দিতে হিমশিম খেতে হয়। সেখানে এখন মাত্র দুদিন অফিস চলছে।
জানা গেছে, গত ১৬ জুলাই অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যান (এলপিআর) টঙ্গীর দায়িত্বপ্রাপ্ত সাব রেজিষ্ট্রার আবু হেনা মোস্তফা কামাল। তিনদিন পর পার্শবর্তী কালিগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার মো.হাফিজুর রহমানকে এ অফিসের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি সপ্তাহে মাত্র দুদিন টঙ্গীতে অফিস করেন, বাকি তিনদিন কালিগঞ্জে বসেন। যার ফলে দলিল রেজিস্ট্রি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।
টঙ্গী সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা প্রায় একই রকম তথ্য দিয়ে জানিয়েছেন, সপ্তাহে দুদিন জমি রেজিস্ট্রি করতে গেলে নানা ভোগান্তির শিকার হতে হয়। ব্যাংক ড্রাফট, জমির কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস জোগাড় করতেই বেলা শেষ হয়ে যায়। ওইদিন কোনো কারণে জমির দলিল না হলে পরের সপ্তাহের জন্য অপেক্ষা করতে হয়। আবার কাগজে কোনো গ্যাপ থাকলে পরের সপ্তাহেও দলিল হয় না। শুধু তাই নয়, বেলা ১১ টায় দলিল সাবমিট করলে বিকাল ও সন্ধ্যা নাগাদ ডাক পড়ে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় সেবাপ্রার্থীদের। এতে বয়স্ক ও অসুস্থ মানুষের স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। অনেকে ভোগান্তির কারণে দলিল সম্পাদন করতে আগ্রহ দেখাচ্ছেন না। এসব দুর্ভোগের কারণে জমির মালিকরা জমি বেচাকেনায় আগ্রহ হারিয়ে ফেলছেন। ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি দলিল লেখকরাও বেকার হয়ে পড়ছেন।
টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে আসা জমি বেচাকেনা করতে আসা ব্যাক্তিদের সঙ্গে সরেজমিনে আলাপকালে জমি রেজিস্ট্রি করতে এসে তাদের দুর্ভোগের কথা জানা যায়। ১২ আগস্ট টঙ্গীর পাগাড় এলাকার বাসিন্দা খন্দকার জাহাঙ্গীর হক সেবা নিতে এসেছেন টঙ্গী সাব রেজিস্ট্রার কার্যালয়ে। তিনি বলেন, শারিরিক অসুস্থতার কারণ জানিয়ে দ্রুত জমি রেজিস্ট্রি করার আবেদন জানিয়েছিলাম। কাঙিক্ষত সেবাটি আমি পাইনি।
গাছা এলাকা থেকে জমি রেজিস্ট্রি করতে আসা কেফায়েত উল্লাহ বলেন, গত সপ্তাহে দলিল করতে এসে ঘুরে গেছি। দলিলের সিরিয়াল লম্বা হওয়ায় সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও দলিল সম্পাদন করতে পারিনি।
টঙ্গী দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন বলেন, সপ্তাহে মাত্র দুদিন দলিল হওয়ায় সেবাগ্রহীতাদের ভোগান্তির কোনো শেষ নেই। দলিল একেবারেই কমে গেছে। এতে এই পেশার সঙ্গে জড়িত দলিল লেখক, ভেন্ডার ও তাদের সহযোগীরা বেকার হয়ে পড়ছেন। টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসে কাজের যে ভলিয়ম তাতে ৫ দিন অফিসের কার্যক্রম চালু রাখার কোনো বিকল্প নেই। আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগে জোর দাবি করছি, নিয়মিত সাব রেজিস্ট্রারের মাধ্যমে ৫ দিন অফিস চালু রাখার ব্যবস্থা করতে।
টঙ্গী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল বলেন, টঙ্গী সাব রেজিস্ট্রার কার্যালয়ে প্রতি সপ্তাহে যেখানে ৫০০ থেকে ৬০০ জমির দলিল রেজিস্ট্রি করা হতো সেখানে তা অর্ধেকে নেমে এসেছে । এখন ২০০-২৫০ টির বেশি জমির দলিল রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না। এতে জমির ক্রেতা ও বিক্রেতারা ভোগান্তিতে পড়েছেন। জেলা রেজিস্ট্রারের কাছে আবেদন জানিয়েছিলাম তিনি একদিন বাড়িয়ে সপ্তাহে তিনদিন জমি রেজিস্ট্রি করতে টঙ্গী সাব রেজিস্ট্রারকে আদেশ দিয়েছেন।
টঙ্গী সাব রেজিস্ট্রারের কার্যালয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান বলেন, টঙ্গী সাব রেজিস্ট্রি কার্যালয়ে প্রতিদিন শতাধিক জমি রেজিস্ট্রি করা হতো।আমি খণ্ডকালীন এ কার্যালয়ে দায়িত্ব পালন করছি।তাই শতাধিক দলিল রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না। টঙ্গীর কার্যালয়ে আমার সপ্তাহে তিন দিন অফিস করার নির্দেশ রয়েছে।
গাজীপুর জেলা রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, সপ্তাহিক পাঁচ কার্যদিবসের মধ্যে গাজীপুরের টঙ্গীতে তিনদিন ও কালিগঞ্জ উপজেলায় বাকি দুদিন জমি রেজিস্ট্রি করতে সাব রেজিস্ট্রার হাফিজুরকে নির্দেশ দিয়েছি। টঙ্গীর সাব রেজিস্ট্রার এলপিআরে রয়েছেন।পদ শূন্য থাকায় এ সমস্যা হচ্ছে। সাব রেজিস্ট্রারের যোগদানের বিষয়টি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেওয়া হয়।আশা করছি দ্রুত সময়ের মধ্যে শূন্য পদের সাব রেজিস্ট্রার যোগদান করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here