
নরসিংদী থেকে হলধর দাস : ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে জনগণের জন্য বিচারিক সেবা দ্রুতিকরণের লক্ষ্যে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-এর রেকর্ডরুমের রেকর্ডে বিষয়ক কার্যক্রম তালিকার পৃথক দুটি সফটওয়্যার ১৬ সেপ্টেম্বর সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ রেজাউল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা জজ) মোঃ জুয়েল রানা, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শরমিন জাহান সহ নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকগণ, নরসিংদী জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক এড. তারেক মোহাম্মদ লুৎফর রহমান সরকার এবং রেকর্ডরুমে কর্তব্যরত কর্মচারীগণ। বিগত বহু বছরের নিষ্পত্তিকৃত মামলা-মোকদ্দমার প্রচুর নথি-পত্র রেকর্ড রুমে বিভিন্ন র্যাকে জমা থাকায় মামলা-মোকদ্দমার নম্বর দিয়ে নথি-পত্র খুঁজে পাওয়া সময় সাপেক্ষ কাজ ছিল। নতুন এই সফটওয়্যার দুটি রেকর্ড রুমের নথি-পত্র সমূহের ডিজিটাল ইনডেক্স হিসেবে কাজ করবে এবং শুধুমাত্র মামলা মোকদ্দমার নম্বরের সাহায্যে অল্প সময়ের মধ্যে নথি খুঁজে পেতে সাহায্য করবে।
মাননীয় বিচারপতি মোঃ রেজাউল হক সফটওয়্যার উদ্বোধনকালে সফটওয়্যারগুলোর প্রশংসা করেন এবং দ্রæত বিচারিক সেবা প্রদানের ক্ষেত্রে এগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ডেস্কটপ সফটওয়্যার দুইটি প্রস্তুত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের রেকর্ড রুমের দায়িত্ব প্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মঈন উদ্দিন কাদির। রেকর্ডরুমের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী জজ নাসিমা তালুকদার মুনমুন এ বিষয়ে সার্বিক সহযোগিতা করেন। সফট্ওয়্যার দুটির ডাটা এন্ট্রির কাজ চলছে। এই গুরুত্বপূর্ণ কাজটি সুন্দর ও সঠিকভাবে সম্পন্ন করতে আরো দক্ষ জনবল ও প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার দরকার। এর আগে নরসিংদী জেলা বিচার বিভাগীয় এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম মাননীয় বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।






