
ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি নাছির ইউ মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে নাছির উদ্দিন নামে এই ব্যবসায়ী কে তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।
এসময় নাছির উদ্দিনের বাসা থেকে মাদক উদ্ধারও করা হয় বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতদের সবাইকে ঢাকার মিন্টোরোডে গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে সকালে ব্যবসায়ী নাছির মাহমুদসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি। রোববার (১৩ জুন) রাত পৌনে ১১টার দিকে বনানীর নিজ বাসায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন পরীমনি। তার আগে পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে মুহূর্তেই তোলপাড় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে পরীমনি অভিযোগ করেন, বুধবার রাতে শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। ঘটনার বিচার চেয়ে থানায় গেলেও সহযোগিতা না করে তাকে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনায় চার দিন ধরে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা চেয়ে না পেয়ে ফেসবুকের শরণাপন্ন হন পরীমনি। যদিও তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না বলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরে আহম মিয়া।
তিনি বলেন, ডিউটি অফিসারের কাছে পরীমনি যখন আসেন তখন তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এ অবস্থায় কারো অভিযোগ নেওয়া সম্ভব নয়। তখন আমাদের টিম তাকে হাসপাতাল পর্যন্ত দিয়ে আসে। তিনি সুস্থ হয়ে আমাদের সঙ্গে আর যোগাযোগ করেননি। কোনো অভিযোগ দিতেও আসেননি। এদিকে সংবাদ সম্মেলনে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে পরীমনি বলেন, তিনি যদি মারা যান তবে দায়ী থাকবেন অভিযুক্ত ব্যক্তি।
পরীমনি বলেন, আমাকে জোর করে ওয়াশরুমে নিয়ে যেতে চেষ্টা করে। সে নাকি বেনজীর আহমেদের বন্ধু। কাছের মানুষ। আমাকে সে বলে- ‘বেনজীর কি তোর বাপ লাগে? পারলে তোর বাপকে ডাক। তোকে তিন টুকরা করে নদীতে ভাসায় দেব’। পরীমনি আরও বলেন, উনার নাম নাছির ইউ মাহমুদ, বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট।
আমি তাকে চিনিই না। ওই দিনই আমার সঙ্গে প্রথম দেখা হয়। সংবাদ সম্মেলনে পুরো সময় পাশে ছিলেন নাট্য নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। দুঃসহ স্মৃতি কাটিয়ে যেন পরীমনি ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সবার সহযোগিতা চান তিনি। তিনি বলেন, পরীর মুখে আপনারা যা শুনেছেন। আমিও আজ তাই শুনেছি। সে যেহেতু বিচার চেয়েছে, অবশ্যই এর বিচার হওয়া উচিত। পরীমনি আমাদের দেশের সম্পদ। ওর পাশে থাকা উচিত আমাদের সবার।
এদিকে সোমবার সকালে পরীমনির অভিযোগ লিখিত আকারে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর জোনের উপকমিশনার আ স ম মাহতাবদ্দিন। পরীমনির সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হতে দেখা গেছে বিনোদন অঙ্গনের মানুষদের। পাশে দাঁড়িয়েছেন নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী ভাবনাসহ আরও অনেকেই।

৩ ‘রক্ষিতা’ নিয়ে উত্তরায় লুকিয়ে ছিলেন নাছির উদ্দিন
সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাছির উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তার বাকি চারজন হলেন অমি, লিপি, সুমি ও স্নিগ্ধা।
পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।
তিনি বলেন, এটা অমির বাসা। পরীমণির সংবাদ সম্মেলনের পর থেকে নাছির তার তিন রক্ষিতাকে নিয়ে এ বাসায় পালিয়ে ছিলেন। মাদক রাখার অভিযোগে সে তিন জনকেও আমরা গ্রেফতার করেছি।
নাছির প্রসঙ্গে তিনি বলেন, নাছিরের বিরুদ্ধে আগেও মাদক ও নারী নির্যাতনের মামলা হয়েছে। নানা অভিযোগে তাকে উত্তরা ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে বলে জেনেছি। কেউ তার বিরুদ্ধে অভিযোগ করলে আমরা সেগুলোর তদন্ত করব।
পরীমণি ক্লাবের সদস্য না হয়ে সেখানে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, সে (পরীমণি) স্বনামধন্য নায়িকা। ওখানে (বোট ক্লাব) যেতেই পারেন। গেলে যে তাকে ওখানে হ্যারেজ (হয়রানি) করবে সেটা ঠিক না। আসলে কী ঘটেছে তা বিস্তারিত তদন্ত করে বলতে পারব।
তিনি বলেন, এই ঘটনা নিয়ে রোববার রাতে সংবাদ সম্মেলন করেন পরীমণি। সংবাদ সম্মেলনের পরপরই আমরা অভিযানের প্রস্তুতি নিয়েছিলাম, তবে যেহেতু রাতে মামলা হয়নি, তাই আমরা অ্যাকশনে যাইনি। সাভার থানায় মামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।
হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টার মামলায় নাছিরকে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে বর্তমানে মাদক উদ্ধারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানান হারুন।
এর আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার দুপুর ১২টার দিকে সাভার থানায় নাছির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এতে নাছির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।
ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, পরীমনি নিজে বাদী হয়ে মোট ছয়জনের নামে এ মামলা করেছেন। মামলা নম্বর-৩৮।
এর আগে রোববার (১৩ জুন) রাতে প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার চান পরীমনি।






