

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেছেন, জানুয়ারি মাসের ১ তারিখে সারাদেশের স্কুলে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সম্প্রতি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে গনমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা তোলে ধরেন।
এনসিটিবি চেয়ারম্যান বলেন, এবছর প্রাথমিক, ইবতেদায়ী এবং মাধ্যমিকের জন্য ৩০ কোটি বই ছাপানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে। সপ্তম এবং অষ্টম শ্রেণিতে কিছুটা কম থাকলেও বাকি সব শ্রেণিতেই শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হবে।
তিনি বলেন, আমরা এনসিটিবির পক্ষ থেকে ইতোমধ্যেই একটা ভালো সংবাদ দিয়েছি মহান বিজয় দিবসের প্রাক্কালে। তা হলো, আমাদের প্রাথমিকের প্রায় সাড়ে ৮ কোটিরও বেশি বই আমরা কমপ্লিট করতে পেরেছি এবং সেটা আমরা সবাইকে জানিয়েছি।
শিক্ষাবর্ষ শুরুর আগেই যে এতোগুলো বই ছাপানোর কাজ করা সম্ভব হয়েছে জানিয়ে তিনি আরো বলেন,
সেটা আমাদের সরকার তথা বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম এবং এনসিটিবি ও প্রেস মালিক যারা আছেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে।
সাংবাদিককের করা এক প্রশ্নের জবাবে এনসিটিবি চেয়ারম্যান বলেন, আমাদের কিছু কিছু জায়গা থেকে অলরেডি খবর পেয়েছি যে, আমাদের বইগুলো স্কুলেও দেওয়া হয়েছে। সবচেয়ে ভালো খবর হলো যে, বইয়ের মানের বিষয়ে সবার কাছে ভালো রেসপন্স পাচ্ছি—খুব ভালো বই হয়েছে।
পহেলা জানুয়ারি, ২০২৬ বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে আমরা নতুন বই তুলে দিতে পারবো আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এবার কাগজ এবং প্রিন্টিং কোয়ালিটি অনেক ভালো হয়েছে অর্থাৎ প্রাথমিকের শতভাগ বই আমরা ইনশাল্লাহ।
এসময় তিনি আরো বলেন, আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে শতভাগ স্কুলে বই চলে যাবে এবং এই বই আমরা ডিস্ট্রিবিউট করতে পারব।
গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে মাহবুবুল হক পাটোয়ারী বলেন, মাধ্যমিকে যেটা আমরা প্ল্যান করছি এখন সেটা হচ্ছে—আমাদের ক্লাস সিক্স এবং ক্লাস নাইনে পহেলা জানুয়ারিতে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারব। সেভেন এবং এইটে আমাদের রিটেন্ডার করতে হয়েছিল এবং পিপিআরের যে সময়সীমা আছে, তাতে আমাদের প্রায় জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সময় দিতে হয়েছে।
প্রত্যেক শিক্ষার্থী যেন বই পায়, সেটা আমরা নিশ্চিত করবো জানিয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন,
আমরা কিন্তু পরিকল্পনা করে রেখেছি জানুয়ারিতে অর্ধেক বই শিক্ষার্থীদের হাতে সরবরাহ করতে পারব
আমাদের চেষ্টা আছে যে, আমরা আশা করছি— অন্তত সফট কপি বইগুলো যেন অ্যাভেইলেবল হয় ক্লাস শুরুর আগে।
তিনি আরো বলেন, আমরা আশা করছি, ২৮ ডিসেম্বর আমাদের উপদেষ্টা মহোদয় এই সবগুলো বই আপলোড করবেন আমাদের এনসিটিবির ওয়েবসাইটে, আমি সে কাজটা করছি।
চলতি বছরে এনসিটিবি থেকে এ বছর প্রায় ৩০ কোটির উপরে বই ছাপাতে হচ্ছে জানিয়ে তিনি ওই সাক্ষাৎকারে বলেন, ইতোমধ্যে ইবতেদায়ীর ৩ কোটি ১১ লাখ বই, ষষ্ঠ শ্রেণিতে ৪ কোটি ১১ লাখ, সপ্তম শ্রেণিতে ৪ কোটি ১৬ লাখ, অষ্টম শ্রেণিতে ৪ কোটি ২ লাখ, নবম শ্রেণিতে ৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার এবং প্রাক প্রাথমিক এবং প্রাথমিকে আছে মোট ৫ কোটি ৫৯ লাখ বই।
এবারের বইয়ের কাগজে উন্নত মানের কাগজ দেওয়া হয়েছে, ছাপাও ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, বইয়ের অবস্থা আমি মনে করি যে, গত আট থেকে ১০ বছরের মধ্যে এবছর আমরা খুব ভালো একটা অবস্থানে আছি এবং বইয়ের গুণগত মান যেন ভালো হয়, সেটার জন্য মনিটরিং টিম আছে।
সাংবাদিকের করা অপর এক প্রশ্নের জবাবে এনসিটিবি চেয়ারম্যান বলেন, এনসিটিবির পক্ষ থেকে প্রত্যেকটা প্রেসে আমাদের দায়িত্বশীল কর্মকর্তা মনিটরিং কাজ করছেন। আমাদের পিডিআই এজেন্ট আছে, তারাও কাজ করছে। মন্ত্রণালয় থেকে ট্রাস্ক ফোর্স করা হয়েছে, তাদেরকেও বিভিন্ন প্রেসের দায়িত্ব দেওয়া আছে। উনারা অন্য কাজগুলো করছেন এবং যখন যেখানে সমস্যা দেখছি, আমরা সেখানে ব্যবস্থা নিচ্ছি।






