পালিয়ে গেলেও হাদি হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব : র‍্যাব ডিজি

0
113
728×90 Banner

স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পলাতক দুই প্রধান অভিযুক্ত সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপনে গেলেও তাদের ফিরিয়ে আনার আইনি ও কৌশলগত পথ রয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর করতে র‌্যাব আন্তরিকতার সঙ্গে কাজ করছে জানিয়ে তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার পাবে।
রোববার (৪ জানুয়ারি, ২০২৬) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় র‍্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ কে এম শহিদুর রহমান বলেন, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে গ্রেপ্তার না করা পর্যন্ত র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করা হবে।
র‍্যাব ডিজি জানান, গত ১২ ডিসেম্বর, ২০২৫ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এরপর তদন্তে নেমে ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত দু’টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়। তবে মামলার মূল দুই আসামি এখনো পলাতক রয়েছে।
সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক আরো বলেন, গত ১৮ ডিসেম্বর ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজিত জনতার হাতে দিপু চন্দ্র দাস নিহত হওয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১৭ ডিসেম্বর খুলনা আদালত প্রাঙ্গণে সংঘটিত জোড়া খুনের ঘটনায় ছায়া তদন্তের মাধ্যমে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ কে এম শহিদুর রহমান আরো বলেন, কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়েও যায়, সে ক্ষেত্রে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। প্রয়োজন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি র‍্যাব মহাপরিচালক বলেন, পলাতক আসামিরা দেশে না বিদেশে অবস্থান করছে— তা জানতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও ম্যানুয়াল সোর্স ব্যবহার করা হচ্ছে। অবস্থান নিশ্চিত হওয়া গেলে তাদের গ্রেপ্তার কঠিন হবে না।
র‌্যাব ডিজি বলেন, যশোরের বাঘারপাড়া থেকে ১৪টি ককটেলসহ একজন নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে। কেরানীগঞ্জে একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় পাঁচটি ককটেলসহ বিভিন্ন কেমিক্যাল উদ্ধার করা হয়েছে এবং মূল আসামি আল-আমিনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ছায়া তদন্ত চলমান রয়েছে জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, এই হত্যার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব আপসহীন অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here