

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড ছিকুলিয়া এলাকায় বন্ধুদের সাথে ১৫০ টাকা বাজিতে শুক্রবার বিকাল ৫.৪৫ ঘটিকার সময় সাঁতার কাটতে গিয়ে বিলের পানিতে ডুবে শুভ মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়। আহত হন নয়ন (১৮)ও হুমায়ুন (১৮)উভয় সাং সাতানি পাড়া।
পরবর্তীতে রাত ৯ টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দল এক ঘন্টা চেষ্টার পর নিহতের লাশ উদ্ধার করে। ডুবুরী দলের প্রধান ছিলেন এস ও আব্দুল জলিল।
নিহত শুভ মিয়া পূবাইল থানাধীন সাতানিপাড়া এলাকার মোঃ খোকন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি গ্যারেজের কাজ করতো।
পূবাইল থানার উপপরিদর্শক রাশেদুর রহমান বলেন, বিকালে ছিকুলিয়া এলাকায় বিলের পানিতে শুভ মিয়াসহ তিন বন্ধু বাজিতে সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে বিলের পানিতে ডুবে নিখোঁজ হয় শুভ মিয়া। সে সময় তার দুই বন্ধু শুভর পরিবারের লোকজনকে খবর দেয় এবং খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে পানি থেকে শুভ মিয়ার লাশ উদ্ধার করে। পূবাইল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান এ ব্যাপারে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য পরিবার লিখিত দরখাস্ত করেন। দরখাস্তের পরিপ্রেক্ষিতে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।






