ভোটের মাঠে অবৈধ অস্ত্রের ভয়

0
213
728×90 Banner

মনির হোসেন জীবন,স্পেশাল করেসপন্ডেন্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে ভোটের মাঠে এখনো অবৈধ অস্ত্রের ছড়াছড়ি রয়েছে। ভোটের আগেই অবৈধ অস্ত্রের ঝনঝনানি, আতঙ্ক বাড়ছে জনমনে। নির্বাচনের বাকি রয়েছে আর মাত্র দুই দিন।প্রার্থীদের সমর্থকরা নানাভাবে এলাকায় প্রভাব বিস্তারে তৎপর।
ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি আগের চেয়ে অনেকটাই জোরদার করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি কঠোর ও সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এদিকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে বর্তমানে সক্রিয় রয়েছে প্রায় ৪শ থেকে সাড়ে ৪ শতাধিক ভাড়াটে খুনি। যাদের মাধ্যমে দিবারাতে ঘটানো হচ্ছে একের পর এক টার্গেট কিলিং। প্রবাসে থাকা এক ডজনেরও বেশি শীর্ষ সন্ত্রাসী এবং তাদের গডফাদারদের নির্দেশে এসব ভাড়াকৃত শুটাররা খুনসহ নানাবিধ অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ভোটের আগেই অবৈধ অস্ত্রের ঝনঝনানি, আতঙ্ক বাড়ছে জনমনে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যগুলো বলছে, এদের মধ্যে সবচেয়ে বেশি ভাড়াটে খুনি রয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগে; আর দ্বিতীয় সর্বোচ্চ রয়েছে ওয়ারী বিভাগে। সম্প্রতি সময় রাজধানীতে ঘটছে একের পর এক টার্গেট কিলিং; আর এসব হত্যাকাণ্ডে ব্যবহার করা হচ্ছে ভাড়াটে কিলার কিংবা খুনিদের। একের পর এক এমন হত্যাকাণ্ডের ঘটনায় ভাড়াটে খুনিদের আতঙ্কে রয়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। নির্বাচনের দিন যত এগোচ্ছে; ততই বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা, কারণ জায়গায় জায়গায় ঘটছে চোরাগোপ্তা হামলা এবং ব্যবহৃত হচ্ছে অবৈধ অস্ত্র। এদিকে, ভাড়াটে খুনিদের তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা । খবর সংশ্লিষ্ট একাধিক সূত্র, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন নির্ভরযোগ্য তথ্য সূত্রের।
সংশ্লিষ্ট সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রগুলো জানিয়েছে, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ দেশে অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে দেশে টার্গেট কিলিংয়ের মত ঘটনা বাড়ছে। বিদেশে পালিয়ে কিংবা আত্মগোপনে থাকা আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসীদের নির্দেশে কিলিং মিশনে মিলছে ভাড়াটে শুটার। ভাড়াটে খুনিদের আতঙ্কে রয়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। কেউ কেউ বলছে, দেশে নির্বাচন নাকি আতঙ্ক? সারা দেশে ছড়িয়ে পড়েছে অবৈধ মারণাস্ত্র। একই সাথে বাড়ছে দকশি বিদেশি অস্ত্রের ব্যবহারও। ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)তে সবচেয়ে বেশি ভাড়াটে খুনি রয়েছে মতিঝিল বিভাগে। দেশের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত, কিলার আব্বাস ও রুপচানের নামে রয়েছে ৪৩ থেকে ৩০টি করে মামলা। এছাড়া নগরী জুড়ে তালিকাভুক্ত প্রায় অর্ধশতাধিক অপরাধীর বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত ১০টিরও বেশি। সম্প্রতি সময়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে একাধিক রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে।
তারমধ্যে বিশেষ করে গত ১১ ডিসেম্বর, ২০২৫ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর সংসদীয় ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।
এরআগে গত ২৫ মে রাজধানী বাড্ডার গোদারাঘাট এলাকায় বিএনপি নেতা কামরুল হাসান সাধনকে গুলি করে হত্যা করা হয়। ১৭ নভেম্বর পল্লবীর থানা এলাকায় খুন হনযুবদল নেতা গোলাম কিবরিয়া। ০৭ জানুয়ারি পশ্চিম তেঁজতুরি বাজারে খুন হন বিএনপি নেতা মোসাব্বির। ভাড়াটিয়া খুনিরা একই স্টাইলে বিদেশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এসব খুনের ঘটনা ঘটিয়ে বলে ধারনা আইনশৃঙ্খলা বাহিনীর।
বিশেষ করে এসব হত্যাকাণ্ডে ব্যবহৃত শুটারদের শনাক্ত করে ইতোমধ্যে ডিএমপির একটি তালিকা তৈরি করেছে। যেখানে কোন এলাকায় কারা ভাড়াটে খুনি হিসেবে কাজ করে, তার বিস্তারিত উল্লেখ রয়েছে। ডিএমপির ওই তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা মহানগরীর আটটি অপরাধ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভাড়াটে খুনি মতিঝিলে; যার সংখ্যা প্রায় শতাধিক। এরপর ওয়ারী বিভাগে ৭৩ জন। তেজগাঁও ও মিরপুর বিভাগে রয়েছে যথাক্রমে ৬১ ও ৬০ জন করে। রমনা ও লালভাগ বিভাগে শুটার রয়েছে যথাক্রমে ৩৬ ও ২৪ জন। এছাড়া গুলশান বিভাগে ১৬ জন ও উত্তরা বিভাগে রয়েছে ১৩ জন ভাড়াটে খুনি। থানার হিসাবে সবচেয়ে বেশি ভাড়াটে খুনি রয়েছে মতিঝিল থানায়; ১০৬ জন। এরপর পল্লবী থানায় ৪২ জন এবং অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুরে রয়েছে ৩৯ জন শুটার। এছাড়া কদমতলী, শ্যামপুর ও নিউমার্কেট থানায় রয়েছে যথাক্রমে ৩৪, ২১ ও ২০ জন করে শুটার। ক্রাইম বিভাগ শুটার সংখ্যা মতিঝিল ১১৮ জন। ওয়ারী ৭৩ জন তেজগাঁও ৬১ জন মিরপুর ৬০ জন। রমনা ৩৬ জন। লালবাগ ২৪ জন গুলশান ১৬ জন উত্তরা ১৩ জন। ডিএমপিতে ভাড়াটে খুনি থানা শুটার সংখ্যা মতিঝিল ১০৬ জন পল্লবী ৪২ জন মোহাম্মদপুর ৩৯ জন কদমতলী ৩৪ জন শ্যামপুর ২১ জন নিউমার্কেট ২০ জন।
আইনশৃঙ্খলা বাহিনীর ওই তালিকা কিংবা তথ্য মতে শুটারদের অপরাধের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সবচেয়ে বেশি মামলা রয়েছে ভাষানটেক এলাকার সন্ত্রাসী রুপচানের বিরুদ্ধে; ৪৩টি। একই এলাকার সন্ত্রাসী বাবুলের বিরুদ্ধে রয়েছে ৩৪টি মামলা। এছাড়া শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ও কিলার আব্বাসের নামে রয়েছে ৩০টি করে মামলা। তালিকাভুক্ত অর্ধশতাধিক অপরাধীর বিরুদ্ধে মামলা সংখ্যা ১০টির বেশিও। দেশের বিভিন্ন সীমান্তে নানা ধরনের অস্ত্রের চালান ধরা পড়ায় জনমনে উদ্বেগ আর শঙ্কা আশঙ্কাজনক বাড়ছে। কিছু কিছু চালান ধরা পড়লেও বড় অংশই থেকে যাচ্ছে নাগালের বাইরে। পাশাপাশি থানা থেকে লুট হওয়া অস্ত্রের অন্তত ২০ ভাগ এখনও উদ্ধার হয়নি। এ অবস্থায় জাতীয় নির্বাচন ঘিরে বিশৃঙ্খলার শঙ্কা দেখা দিচ্ছে। তবে নির্বাচনের আগে পরিস্থিতি আরও অনুকূলে আসবে বলে ধারণা পুলিশের।
পুলিশও গোয়েন্দা তথ্য অনুযায়ী, এসব ভাড়াটে খুনির বেশিরভাগের সঙ্গেই রাজধানীর ১৩ /১৫জন শীর্ষ সন্ত্রাসীর যোগসাজশ রয়েছে। বিদেশে বসে তারাই বিভিন্ন অপরাধের নির্দেশ দিচ্ছে। ডিএমপি বলছে, তালিকাভুক্তদের বড় একটি অংশ আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতার করতে সময় লাগছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)র মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে চিহ্নিত ও অভ্যাসগত অপরাধীরা যেন এলাকায় কোনো ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে পুলিশ বেশ তৎপর রয়েছে। সব ঘটনাই পরিকল্পিত নয়, তবে যেগুলো পরিকল্পিত এবং সেসবের পেছনে যারা জড়িত রয়েছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকেরা কেউ কেউ বলছেন, নির্বাচনের আগে ভাড়াটে খুনিদের সক্রিয়তা নিরাপত্তার জন্য হুমকি। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। সমাজ ও অপরাধ বিশ্লেষক গণমাধ্যমকে বলেন, এ ধরনের ঘটনা আবার ঘটলে বা ঘটার মতো পরিস্থিতি তৈরি হলে জনগণ, ভোটার, কর্মী ও প্রার্থী-সবার মধ্যেই উদ্বেগ ও ভয় কাজ করবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করার পথে ঝুঁকি ও চ্যালেঞ্জ তৈরি হবে। এসব চ্যালেঞ্জ দ্রুত দায়িত্বশীলতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে মোকাবিলা করার প্রয়োজন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র গুলো জানিয়েছে,
২০২৫ সালের শেষ দিকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয় ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। অস্ত্রগুলোর গন্তব্য ছিল রাজধানী ঢাকা।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে বিশেষ অভিযানে আটক হয় ৪টি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি। নৌবাহিনীর অভিযানেও কয়েকদিন পরপরই জব্দ হচ্ছে অবৈধ অস্ত্র। বিশেষ করে মিয়ানমার সীমান্ত দিয়ে একাধিক রুট ব্যবহার করে আসছে এসব অস্ত্র। অপরদিকে গত ৬ ফেব্রুয়ারি, ২০২৬ দিবাগত রাতে রাজধানীর উত্তর বাড্ডার পোষ্ট অফিস পাড়ায় অভিযান চালিয়ে ২১ টি বিদেশী অস্ত্র, ৩৯৪ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী। সংবাদ সম্মেলন করে গুলশান সেনা ক্যাম্পের প্রধান লে. কর্নেল মো. জিষান ইসতিয়াক খান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদে পোস্ট অফিস পাড়া এলাকার মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। ৩২ সেনাসদস্যের এই অভিযানে ৭ টি পিস্তল, ৩ টি রিভলবার, ১ টি রাইফেল, ২ টি রাইভেল ম্যাগাজিন , ৮ টি বিদেশী পিস্তল ও ৩৯৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়া ৩০ রাউন্ড কার্তুজ, ৪ টি গ্রিপ সাইড কাভার, ৩ টি চাইনিজ কুড়াল, একটি টাইগার হান্টিং কমান্ডো চাকু, দুটি ওয়াকিটকি, একটি ওয়াকিটকি ব্যাটারি, তিনটি পিস্তলের সাইড কভার ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময়
অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে ৪ জনকে আটক করেছে আভিযানিক দলটি। এছাড়া একইদিন ঢাকা জেলার সাভারে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া গত ৬ ফেব্রুয়ারি রাতে রাজশাহীর বাঘা সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র একটি চৌকস দলের সদস্যরা সাঁড়াশি অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলকে ধাওয়া করে, পরবর্তীতে অপরাধীরা টের পেয়ে
মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় একটি বাইকের সীট কাভার খুলে তার ভেতর ভারত থেকে আনা ২টি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ৩৯ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক যন্ত্রপাতি উদ্ধার করতে সক্ষম হয়। অধিনায়ক, বিজিবি -১, রাজশাহী ক্যাম্পের কমান্ডিং অফিসার কর্নেল রিয়াজ শাহরিয়ার গণমাধ্যমকে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।
এদিকে গতকাল রবিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৬ রাতে রাজধানীর গুলশানের লিংক রোডে চেকপোস্ট বসিয়ে দু’টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ মো. সোহেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সোহেলের কোমর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে মোটরসাইকেলের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
ডিএমপির গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। গেল শুক্রবার ৩০ জানুয়ারি দিবাগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টারের একটি স মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি গ্রেনেড উদ্ধার করে তৎকালীন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১০)। বর্তমানে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) সহকারী পরিচালক তাপস কর্মকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, থানা থেকে লুট হওয়া ধাতব লিভারযুক্ত পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্রেনেডগুলো জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে ধারণা করছে (এসআইএফ) ও সাবেক র‍্যাব সদস্যরা ।
গত শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৬টি পিস্তল, ১৮টি গুলি, এবং দুই শতাধিক দেশীয় অস্ত্র রয়েছে, যা স্কচটেপে মোড়ানো অবস্থায় পুকুরে ডুবিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশ (সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযান) ৪টি পিস্তল, ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান, ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল উদ্ধারমূলে জব্দ করা হয়। শনিবার দুপুর পৌনে ১টা থেকে বিকাল ৪টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীন ও ফরিদপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ। গেল ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র বা দুষ্কৃতকারীরা নির্বাচনের দিন ব্যবহারের জন্য এসব লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া গত ২৬ অক্টোবর ২০২৫ বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে ৮টি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করে। উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, রাজধানীর বাড্ডা, ভাটারাসহ বিভিন্ন এলাকায় ভাড়াটে খুনি হিসেবে কাজ করতেন মেহেদী হাসান ও তাঁর সহযোগীরা। তাঁরা বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে অস্ত্রও ভাড়া দিতেন। সুব্রত বাইনের অস্ত্রগুলো মেহেদী হাসান ও গোলাম মর্তুজা বাবু ওরফে মধু বাবুর কাছে রয়েছে। মধু বাবুর কাছেও আরও ১৩ থেকে ১৪টি অস্ত্র রয়েছে। এসব অস্ত্র ছাড়াও গত ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের সময় ৫৭৫৩টি অস্ত্র লুট হয়। এর মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও ১ হাজারের বেশি অস্ত্র উদ্ধার হয়নি। এর বাইরেও সন্ত্রাসীদের হাতে আছে অবৈধ অস্ত্র। এবারের নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহারের আশঙ্কা বড় আকারে সামনে এসেছে। এরপর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও পুলিশ সদর দফতর বলছে, অভিযান চলছে, অস্ত্র উদ্ধারও থেমে নেই। সীমান্তে সব বাহিনীর সমন্বয়ে চলছে যৌথ অভিযান।
এদিকে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষের খবরের মধ্যে জানুয়ারি মাসে মোট ৬৪টি নির্বাচনি সহিংসতার তথ্য দিয়েছে বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এসব সহিংসতায় চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৫০৯ জন। এর বাইরে চলতি মাসে ২৪টি রাজনৈতিক সহিংসতায় ২১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দুষ্কৃতিকারীর হামলায় মারা গেছেন ছয়জন। এর আগের মাসে ১৬টি রাজনৈতিক সহিংসতায় ১২৪ জন আহত হয়েছিলেন। ওই মাসে দৃস্কৃতিকারীর হামলায় নিহতের সংখ্যা ছিল ৪ জনে। শেরপুরের শ্রীবরদী থানার জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ-২ আসনের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. কামাল উদ্দিন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে আজাহর নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছে। এছাড়া বিএনপির অন্তর্দ্বন্দে ১৩টি, বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ৯টি সংঘর্ষ, গণঅধিকার পরিষদ- স্বতন্ত্রের একটি এবং বিএনপি-এনসিপির মধ্যে একটি ঘটনা ঘটেছে। আর ২৪টি রাজনৈতিক সহিংসতায় বিএনপির অন্তর্দ্বন্দে ১৬টি, বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের দুটি এবং বিএনপি-জামায়াতের পাঁচটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ৬ জন, যাদের সকলেই বিএনপির কর্মী ও সমর্থক। এছাড়া অপমৃত্যুর শিকার হয়েছেন আরো ১০ জন; যাদের মধ্যে ৪ জন বিএনপির, ২ জন জামায়াতের, ২ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের, ১ জন কিশোর এবং ১ জন বৃদ্ধা রাজনৈতিক রোষানলে পুড়ে মারা গেছেন।
এছাড়া বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এমএসএফসহ অন্যান্য মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারিতে কারা হেফাজতে মোট ১৫ জন বন্দির মৃত্যু হয়েছে, গত মাসে এ সংখ্যা ছিল ৯ জনে। জানুয়ারিতে মৃত্যুর মধ্যে ৪ জন কয়েদি ও ১১ জন হাজতি রয়েছেন। ১১ জন মৃত হাজতি বন্দির মধ্যে ৫ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী। কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২ জন, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ১ জন এবং জামালপুর জেলা কারাগারে ১ জন কয়েদি মারা যান। এছাড়া হাজতির মধ্যে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২ জন, নরসিংদী জেলা কারাগারে, লক্ষ্মীপুর জেলা কারাগারে, নারায়ণগঞ্জ জেলা কারাগারে, পাবনা জেলা কারাগারে, পটুয়াখালী জেলা কারাগারে, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, মেহেরপুর জেলা কারাগারে, নওগাঁ জেলা কারাগারে ও রংপুর কেন্দ্রীয় কারাগারে একজন করে বন্দি মারা গেছেন। তবে সব বন্দির মৃত্যু হয়েছে কারাগারের বাইরে হাসপাতালে। জানুয়ারিতে ২৯টি ‘গণপিটুনির’ ঘটনা ঘটেছে জানিয়ে এমএসএফ বলছে, এসব ঘটনায় আহত ২১ জন মারা গেছেন; গুরুতরভাবে আহত হয়েছেন ২৬ জন। গণপিটুনির শিকার ১৭ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়। বিভিন্ন অপরাধজনিত কারণে ৯ জনকে ‘গণপিটুনি’ দেয়ার ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৯ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকালে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। ১২ জানুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা কারাগারে থেকে সদর হাসপাতালে নেয়ার পর আবুল বাশার নামের এক বিএনপি কর্মী মারা যায়। গেল ২২ জানুয়ারি রংপুর নগরের ১৯ নম্বর ওয়ার্ডের ধাপ চিকলী ভাটা এলাকার ট্রাকচালক মুকুল মিয়াকে কোতোয়ালী থানা পুলিশ আটক করে। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে মুকুল মিয়া মারা যান। এরপর ২৯ জানুয়ারি সাতক্ষীরার আশাশুনিতে আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে ইসমাইল হোসেন নামে একজন ব্যক্তির মৃত্যু হয়।
বিশ্লেষকরা বলছেন, সীমান্ত পথে অস্ত্র ঢুকছে দেশে। অবৈধ অস্ত্রের ব্যবহার যে হারে বেড়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে ঝুঁকি তৈরি হচ্ছে। নির্বাচনের আগে সীমান্ত দিয়ে দেশে প্রচুর অবৈধ অস্ত্রের প্রবেশ ঘটেছে এবং অস্ত্রগুলো ইতোমধ্যে নির্বাচনে ব্যবহৃত হয়েছে। অবৈধ অস্ত্রের পাশাপাশি পুলিশের লুট হওয়া অস্ত্র ছাড়াও ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্রগুলো নির্বাচনের আগে কতজন জমা দিয়েছেন বা দিচ্ছেন তা নিয়েও আছে নানা প্রশ্ন। এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের দিন যত এগোচ্ছে; ততই বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা, কারণ জায়গায় জায়গায় ঘটছে চোরাগোপ্তা হামলা এবং ব্যবহৃত হচ্ছে অবৈধ অস্ত্র।
বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন সাংবাদিকদের বলেন, অবৈধ অস্ত্র যেটা সীমান্ত দিয়ে আসে, সেক্ষেত্রে প্রত্যেকটা বাহিনীর সঙ্গে সমন্বয় করেই অপারেশন চালানো হচ্ছে। এটি নির্বাচনের ক্ষেত্রে খুব একটা বড় ধরনের ব্যাঘাত ঘটাবে না। লুণ্ঠিত অস্ত্র এই পর্যন্ত প্রায় শতকরা ৮০ ভাগের মতো উদ্ধার হয়েছে। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে অস্ত্র উদ্ধারকে অগ্রাধিকার দিয়ে কাজ চালানো হচ্ছে।
সবশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, এয়োদশ নির্বাচনের আগের দু’দিনে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী একযোগে ‘সারপ্রাইজ অভিযান’ শুরু করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নির্বাচনকে সামনে রেখে ‘সারপ্রাইজ’ অভিযানের ছক আঁকছে প্রশাসন । গতকাল ৮ ফেব্রুয়ারি মোতায়েন শুরু হয়ে মঙ্গলবার নাগাদ জেলা-উপজেলা পর্যায়েও পৌঁছাবে এ বাহিনীর সদস্যরা । এরপর সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পর যে কোনো দিন, যে কোনো সময় এই ‘সারপ্রাইজ অভিযান
শুরু হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, কোনো দিন, তারিখ ও সময় নেই, যে কোনো সময় একযোগে শুরু হবে এ অভিযান। যে কোনো অপরাধী, চিহ্নিত সন্ত্রাসী, খুনি ও মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারীদের গ্রপ্তার করা হবে। এই অভিযানের ফলে কেউ নির্বাচনে কোনো ধরনের সন্ত্রাস কিংবা কোনো বিশৃঙ্খলা করার সাহস পাবে না।
পুলিশ, সাবেক র‍্যাব- বর্তমানে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ), বিজিবি ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে একটি কঠোর ও সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শেষ পর্যন্ত এই প্রস্তুতি ভোটের দিন কতটা কার্যকর ভূমিকা রাখে, সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here