সারাদেশে জাল টাকা ও বিদেশি মুদ্রার ছড়াছড়ি

0
177
728×90 Banner

মনির হোসেন জীবন: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন
স্থানে জাল টাকার নোট ও বিদেশি মুদ্রা ছড়িয়ে পড়েছে। এছাড়া ঈদকে ঘিরে ঢাকা নগরীসহ দেশের হাট বাজার, মার্কেট ও সীমান্তবর্তী এলাকা গুলোতে জাল টাকার ব্যাপক বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ উঠেছে। ঈদ কিংবা কোনো উৎসব এলেই শুরু হয় জাল টাকার ছড়াছড়ি, চালু হয় ‘হোম ডেলিভারি’ও। ঢাকাসহ দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জাল নোট সরবরাহকারী সংঘবদ্ধ চক্রের শক্তিশালী নেটওয়ার্ক। এতে করে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারাও হচ্ছে নিত্যনতুন প্রতারণার শিকার । সূত্র গুলো বলছে, প্রতি ১০০ পিস ১ হাজার টাকার নোট অর্থাৎ এক লাখ নকল টাকা তৈরিতে খরচ পাঁচ থেকে ছয় হাজার টাকা। হাজার কোটি টাকার ঈদ মার্কেটে কৌশলে ছড়িয়ে পড়ছে জাল টাকার নোট। জালিয়াত চক্রের মাঠপর্যায়ের দোসররা ধরা পড়লেও গডফাদাররা থাকে ধরা ছোঁয়ার বাহিরে। দেশে জাল নোট বন্ধে স্যোসাল মিডিয়াসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। খবর সংশ্লিষ্ট একাধিক সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বস্ত তথ্য সূত্রের।
সংশ্লিষ্ট মহল ও অভিযোগে জানা গেছে, পবিত্র মাহে রমজান (রোজার) মাস এবং ঈদকে কেন্দ্র করে কেনাকাটার চাপ বৃদ্ধি পাওয়ায় বিপুল অঙ্কের নগদ লেনদেনের সুযোগ কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে জাল নোট সরবরাহকারী সংঘবদ্ধ চক্র। পাশাপাশি ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চটকদার সব বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হচ্ছে জাল নোট। ১০০, ৫০০ ও এক হাজার টাকার নোটের পাশাপাশি ২০ ও ৫০ টাকার জাল নোটও ছড়িয়ে দিচ্ছে চক্রগুলো। রাজধানীসহ বিভিন্ন জেলা শহরের মার্কেট, শপিং মল, ইফতারি বাজার এবং ব্যস্ত বাণিজ্যিক এলাকায় লেনদেনের সময় জাল নোটের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ৫০০ ও ১০০০ টাকার নোটে জালিয়াতির প্রবণতা তুলনামূলক বেশি বলে তাদের দাবি। ব্যস্ত সময়ে তড়িঘড়ি লেনদেনের কারণে অনেক সময় নোট যাচাই করা সম্ভব হয় না, ফলে পরে হিসাব মেলাতে গিয়ে জাল টাকা ধরা পড়ছে। অসমর্থিত একটি সূত্রের দাবি, সারা বছর তৈরি জাল নোটের প্রায় ৭০ শতাংশই বিক্রি হয় দুই ঈদ ঘিরে। ছড়িয়ে পড়ে মার্কেটে। এসময় বাড়ে চাহিদা ও দাম। চালু হয় হোম ডেলিভারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে ব্যাপক প্রচারণা। ঈদ এলেই জাল টাকার ছড়াছড়ি, চালু হয় ‘হোম ডেলিভারি’। এবারও ঈদুল ফিতর সামনে রেখে সরব জাল টাকার কারবারিরা। তারা এতটাই বেপরোয়া যে ফেসবুকে পেজ ও গ্রুপ খুলে জাল টাকা বেচাকেনার প্রচারণা চালাচ্ছে প্রকাশ্যে। চার্জ নিয়ে কৌশলে সুবিধা মতো জায়গায় পৌঁছে দিচ্ছে হোম ডেলিভারিও।
বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের ভাষ্য মতে, ঈদ মৌসুমে ক্রেতার ভিড় বেড়ে যাওয়ায় প্রতিটি লেনদেন সতর্কতার সঙ্গে যাচাই করা কঠিন হয়ে পড়ে। এই সুযোগে অসাধু চক্র কৌশলে জাল নোট বাজারে ছড়িয়ে দিচ্ছে। এ ছাড়া এবার নতুন নোটগুলো এমনভাবে বানানো যে চেনারই উপায় নাই। এতে একদিকে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে ক্রেতারাও প্রতারণার শিকার হচ্ছেন।
জাল নোট শনাক্তে আসল নোটের পানি ছাপ (ওয়াটারমার্ক), নিরাপত্তা সুতা, কাগজের গঠন, মুদ্রণের সূক্ষ্মতা এবং রঙের সামঞ্জস্য। সচেতনতা বৃদ্ধি ও সতর্ক লেনদেনই পারে জাল টাকার বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখতে।
তথ্য অনুসন্ধান, আইনশৃঙ্খলা বাহিনী, বিশ্বস্ত সূত্র ও খোঁজ নিয়ে জানা যায়, রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট যেমন উত্তরা, গুলশান, মিরপুর, মতিঝিল, গাবতলি, যাত্রাবাড়ি, তেজগাঁও, মহাখালী, বনানী, ফার্মগেট, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ বেশ কিছু এলাকায় ৮ থেকে ১০জন সহযোগী সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছে জাল নোট ও বৈদেশিক মুদ্রার নতুন বান্ডিল। এছাড়া অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকেও কাজে লাগিয়ে বিক্রি করা হয় এসব জাল নোট। প্রতি এক লাখ নোট বিক্রি হয় ১০ থেকে ১৫ হাজার টাকায়। কোনো কোনো সময় তার চেয়ে ও বেশি টাকায় বিক্রি করা হয়ে থাকে। মূলত কমিশনের ভিত্তিতে একাধিক চক্র এসব নোট বাজারে দেখাচ্ছে বিক্রি করে আসছে বলেও অভিযোগ পাওয়া গেছে । আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে হাজার কোটি টাকার ঈদ মার্কেটে কৌশলে ছড়িয়ে পড়ছে জাল টাকার নোট। মার্কেট, শপিংমলগুলোতে ঈদে কেনাকাটায় উপচে পড়া ভিড়ের মধ্যেই নানা কৌশলে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে একাধিক চক্র, যা শুধু মার্কেট-শপিংমলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে পড়ছে প্রতিটি সেক্টরে। অধুনিক যন্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে তৈরি করা জাল টাকার নোট সহজে ধরতে পারছেন না সাধারণ মানুষ। তবে বিপাকে পড়ে যাচ্ছেন ব্যাংক বা অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে গিয়ে।
এদিকে র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও স্টাফ অফিসার (মিডিয়া) সনদ বড়ুয়া এ প্রতিবেদককে বলেন, গত ৫ মার্চ, ২০২৬ তুরাগের দলিপাড়া বাদলদী এলাকার সাকিন হাউজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাইমুল ইসলাম ইশান (১৯) ও কেফায়েত উল্লাহ (১৯) নামে দুই তরুণের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৫ হাজার ৫টি জাল নোট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব নোটের বাজারমূল্য ২৫ লাখ ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া জালনোট তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ২টি লেজার প্রিন্টিং ডায়েস, ১টি প্রিন্টার ও ৩টি স্মার্টফোন জব্দ করা হয়।
র‍্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে তারা একটি সঙ্ঘবদ্ধ জাল টাকা তৈরি চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট তৈরি করে আসছিল। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন তারা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে প্রায় ৮০ লাখ টাকার জাল নোটসহ সংঘবদ্ধ দু’টি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে। তবে ধরা পড়ার আগেই সম্প্রতি তারা দুই দফায় ৫০ লাখ টাকার বেশি জাল নোট বাজারে ছড়ানোর তথ্য জিজ্ঞাসাবাদে জানিয়েছে। মূলত ঈদ কেন্দ্র করে ৫০ লাখ টাকার জাল নোট বাজারে ছড়িয়ে দিয়েছে চক্রটি।
ডিএমপি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় জাল নোট তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযানও চালানো হচ্ছে।
খোঁজ নিয়ে এবং বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, মাদককারবারি ও চোরাকারবারিদের মাধ্যমেও আনা হচ্ছে জাল টাকা। মাদক ও চোরাকারবারের টাকা হস্তান্তরের সময় কৌশলে জাল টাকা আদান-প্রদান করা হয়। পরে পর্যায়ক্রমে এই টাকা চলে যায় সাধারণ মানুষের হাতে। এ দিকে দেশে কারা এই জাল নোট তৈরির সাথে সরাসরি যুক্ত সে ব্যাপারে পুলিশ এবং গোয়েন্দাদের কাছে কোনো সুনির্দিষ্ট তালিকা নেই। জাল নোট-সহ কেউ ধরা পড়লেই কেবল তাকে জালিয়াত চক্রের সদস্য হিসেবে পুলিশ উল্লেখ করে থাকে; কিন্তু আসল হোতারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। জালিয়াত চক্রের মাঠপর্যায়ের দোসররা ধরা পড়ে গেলেও গডফাদাররা তাদেরকে যেভাবে হোক ছাড়িয়ে নিচ্ছে।
ডিএমপির লালবাগ বিভাগের পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, কামরাঙ্গীরচর থেকে জাল নোট তৈরি চক্রের তিন সদস্যকে ইতোপূর্বে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে আরও অন্তত এক ডজন কারবারির নাম। ওইসব সদস্যও রয়েছে নজরদারিতে। এছাড়া সার্বক্ষণিক অনলাইন তথা সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপগুলোতে নজরদারি করা হচ্ছে।
তথ্য অনুসন্ধানে দেখা যায়, ‘জাল টাকার কারখানা’ ‘জাল টাকা বিক্রি করি’, ‘জাল টাকা বিক্রি করা হয়’, ‘জাল টাকার ডিলার’, ‘জাল টাকা বিক্রি বাংলাদেশ ডট কম’, ‘ডিলার জাল টাকার’ এমন নানা নামে পেজ রয়েছে ফেসবুকে। এছাড়া টেলিগ্রামে ‘জাল টাকা’, ‘জাল টাকার লেনদেন’ ও ‘জাল টাকা সেল গ্রুপ’ নামে বিভিন্ন গ্রুপের সন্ধান মিলেছে। ‘জাল টাকার ডিলার’ নামে একটি ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, ‘আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক, এই প্রথমবার আপনাদের জন্য ভালোমানের প্রিন্ট ধারা তৈরি করা নোট দিচ্ছি। সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে বুক করা হচ্ছে। যারা নোট নিতে ইচ্ছুক, তারা ইনবক্সে আসেন, আমাদের কাছে প্রচুর পরিমাণ নোট আছে ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০। সুপার কোয়ালিটি মানসম্পন্ন নোট দিচ্ছি। যারা বারবার প্রতারিত হচ্ছেন তারা লাস্ট একবার ডিল করতে পারেন। সর্বনিম্ন ২৫ হাজার টাকা। এক টাকাও অগ্রিম দিতে হবে না, শুধু ডেলিভারি চার্জ দেবেন, বুকিং দিয়ে রিসিট পাঠিয়ে দেব।’‘জাল টাকা বিক্রি করি’ নামে একটি ফেসবুক পেজে সম্প্রতি ১০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার জাল নোট বিক্রির প্রচারণামূলক পোস্ট দেওয়া হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, ‘পবিত্র ঈদ সামনে রেখে নিখুঁত ও মসৃণ প্রিন্টসহ সম্পূর্ণ এ গ্রেডের প্রোডাক্ট (জাল নোট) পাওয়া যায়। ২৪ ঘণ্টার মধ্যে কুরিয়ার ও হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে।’
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ঈদকে ঘিরে ব্যাপক প্রস্তুতি রয়েছে গোয়েন্দা পুলিশের। জাল টাকা, ছিনতাইকারী, অজ্ঞানপার্টি, টানাপার্টিসহ চাঁদাবাজদের প্রতিরোধে বাহিনীর প্রতিটি সদস্য কাজ করে যাচ্ছেন । বিশেষশত ব্যাংক, বীমা, এটিএম বুথ, বড় বড় শপিংমলসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সাদা পোশাকে দায়িত্ব পালন করে যাচ্ছেন গোয়েন্দা সদস্যরা।
অপরাধ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের মতে, জাল নোট বর্তমান সমাজের একটি ব্যাধি। দুষ্টু চক্র রোজা এবং ঈদের সময় এসব কারবার করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর রুটিন ঈদের আগেই তাদের গ্রেপ্তার করা। প্রশাসনের কঠোর তদারকি, ব্যাংকিং খাতের সমন্বিত উদ্যোগ এবং জনগণের সচেতনতাই এই তিনের সমন্বয় ঘটলেই উৎসবের আনন্দের মাঝে জাল টাকার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, নকল এ টাকা তৈরিতে ব্যবহার করা হয় টিস্যু পেপার, প্রিন্টার, ল্যাপটপ ও প্রিন্টারের কালি। পরে সফটওয়্যারের সাহায্যে মাউসে ক্লিক করলে মুহূর্তেই একের পর এক বেরিয়ে আসে ৫০০ কিংবা হাজার টাকার জাল নোট।
জাল টাকার চক্র বরাবরই ৫০০ কিংবা হাজার টাকার বড় নোট প্রিন্ট করে। কারণ এতে লাভ বেশি। কিন্তু এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ১০ ও ২০ টাকার নোটও জাল করে বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে চক্রটি। অনুসন্ধানে জানা আরো জানা যায়, বড় নোট সব ক্রেতা-বিক্রেতা দেখেশুনে যাচাই করে নেয়। কিন্তু ১০, ২০, ৫০, ১০০ কিংবা ২০০ টাকার নোট বেশি একটা যাচাই না করেই লেনদেন করেন। এতে ছোট জাল নোট খুব সহজেই বাজারে ছড়াচ্ছে। পাশাপাশি ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চটকদার সব বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হচ্ছে জাল নোট। শুধু অর্ডার করলেই দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। ২০, ৫০, ২০০, ৫০০ ও ১ হাজার টাকার নোট বেশি নকল বা জাল করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জাল টাকা ছাপানোর জন্য উন্নতমানের ল্যাপটপ, প্রিন্টার, হিট মেশিন, বিভিন্ন ধরনের স্ক্রিন, ডাইস, জাল টাকার নিরাপত্তা সুতা, বিভিন্ন ধরনের দামি কালি, আঠা ও স্কেল কাটার ব্যবহার করে চক্রগুলো। এছাড়া গ্রাফিক্সের কাজের জন্য চক্রে রয়েছে বেশ কয়েকজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। নিখুঁতভাবে জাল টাকা ছাপতে তাদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়। তারা টাকার জলছাপ থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তার সবই অনেকটা হুবহু নকল করছে। চক্রগুলো সারা বছর ততটা সক্রিয় না থাকলেও ঈদ ও পূজার মতো ধর্মীয় উৎসবগুলো টার্গেট করে জাল টাকার নোট ছাপে। টাকা ছাড়াও মার্কিন ডলার ও রুপি জাল করছে। জাল নোট তৈরির সঙ্গে জড়িতদের গ্রেফতার করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়। কিন্তু তারা জামিনে মুক্তি পেয়ে ফের একই কাজ শুরু করে।
তথ্য অনুসন্ধান ও নির্ভরশীল একাধিক প্রাপ্ত সূত্রে জানা যায়, প্রতি ১০০ পিস ১ হাজার টাকার নোট অর্থাৎ এক লাখ নকল টাকা তৈরিতে খরচ পাঁচ থেকে ছয় হাজার টাকা। সেই জাল টাকা চক্রগুলো পাইকারি ক্রেতার কাছে ৮ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করছে। পরে পাইকারি ক্রেতা প্রথম খুচরা ক্রেতার কাছে তা বিক্রি করে ২৫ থেকে ৩০ হাজার টাকায়, এরপর প্রথম খুচরা ক্রেতা দ্বিতীয় খুচরা ক্রেতার কাছে আবার সেগুলো বিক্রি করে ৪০ থেকে ৫০ হাজার টাকায় এবং সবশেষে দ্বিতীয় খুচরা ক্রেতা মাঠপর্যায়ে দোকানে দোকানে গিয়ে বিভিন্ন নিত্যপণ্য কেনার মাধ্যমে সেসব জাল টাকা বাজারে ছড়িয়ে দিয়ে আসল এক লাখ টাকার সমপরিমাণ ভোগ করছে। এক্ষেত্রে জাল টাকা তৈরি থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত কয়েকটি ভাগে কাজ করে চক্রের সদস্যরা। প্রথমে অর্ডার অনুযায়ী জাল নোট তৈরি, দ্বিতীয় পর্যায়ে এ টাকাগুলো যে অর্ডার দেয় তার কাছে পৌঁছে দেওয়া এবং তৃতীয় পর্যায়ে জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়া হয়। বছরজুড়ে মাদকের লেনদেন, চোরাই পণ্যের কারবার, স্বর্ণ বেচাকেনাসহ বিভিন্ন অবৈধ লেনদেনের সময় জাল নোট চালিয়ে দেয় চক্রের সদস্যরা। অন্য পেশায় থাকলেও বেশি লাভের আশায় অনেকে এ পেশায় জড়িয়ে পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, জাল টাকা তৈরি সংঘবদ্ধ সক্রিয় চক্রের সদস্যরা আমাদের নজরদারিতে আছে। এ চক্রগুলো মূলত প্রতিবছরই রোজা অথবা ঈদ কিংবা যে কোনো উৎসবের সময় তারা এসব করতে চায়, আমরা এসব বিষয়ে খুবই সতর্ক আছি এবং আগের চেয়ে গোয়েন্দা নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here