হাইকোর্টের শরৎকালীন ছুটি: স্বাধীন দেশে গোলামী প্রথার নগ্ন রূপ

0
107
728×90 Banner

অ্যাডভোকেট এম এ মজিদ: বাংলাদেশের হাইকোর্টে শরৎকালীন দেড় মাসের ছুটি – এটা কি স্বাধীন দেশে ন্যায়বিচারের পথে সর্ববৃহৎ কাঁটা নয়? জনগণ বিচার চাইছে, আদালতের দোরগোড়ায় বসে অপেক্ষা করছে, কিন্তু আদালত তখন তালাবদ্ধ! এই ছুটি এখন একরকম বিচারবঞ্চনার বৈধ প্রথা হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, তাদের কর্ণকুহরে এই চরম অমানবিক বাস্তবতা প্রবেশই করছে না। হয়তো তারা ইচ্ছাকৃতভাবে চুপ। কারণ তারা জানে, বিচারব্যবস্থার জটকে অক্ষুণ্ণ রাখাই ক্ষমতাধরদের সুবিধা। বিচার যদি দ্রুত হয়, তবে দুর্নীতি, লুটপাট, অবিচারের পাহাড় ধসে পড়বে ক্ষমতার কেন্দ্রেই।
বাংলাদেশের এক সাবেক প্রধান বিচারপতি বহু বছর আগে এক নির্মম সত্য উচ্চারণ করে বলেছিলেন – আজ থেকে নতুন কোনো মামলা গ্রহন করা না হলেও, হাইকোর্টে বর্তমানে বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তি করতে আরো ৫০ বছর লাগবে। অর্ধশতাব্দী! অথচ বিচারপতিরা বছরে ছয় মাসের অধিক ছুটি ভোগ করেন। হিসাবটা লজ্জাজনক: শুক্রবার ৫২ দিন, শনিবার ৫২ দিন, নৈমিত্তিক ছুটি ১৬ দিন, আর হাইকোর্টের নিজস্ব অতিরিক্ত ছুটি ৬৩ দিন। সর্বমোট দাঁড়ায় ১৮৩ দিন, অর্থাৎ প্রায় ছয় মাস তিন দিন। এছাড়াও রাজনৈতিক কারনসহ বিভিন্ন কারণে হাইকোর্টের বিচার কার্যক্রম হয় না। এই দেশে বিচার চলে অর্ধেকেরও কম সময়, বাকিটা কেটে যায় ছুটির আনন্দে। এটা কি জনগণের সঙ্গে প্রকাশ্য বিশ্বাসঘাতকতা নয়?
এই ছুটির ইতিহাস আরও করুণ। বৃটিশ উপনিবেশবাদীরা আমাদের আদালত গড়ে তুলেছিল তাদেরই প্রয়োজনে। বৃটিশ বিচারপতিরা বছরে একবার দেশে যেতেন। বিমান না থাকায় জাহাজে যেতে-আসতে লেগে যেত এক মাস। সেখানে ছুটি কাটাতেন পনেরো দিন। তাই শরৎকালে দেড় মাস ছুটি চালু হয়। বৃটিশ শাসন শেষ হয়েছে ১৯৪৭ সালে, পাকিস্তানি শাসন কেটে গেছে ১৯৭১-এ। ত্রিশ লক্ষ শহীদের রক্তে স্বাধীন বাংলাদেশ হয়েছে। অথচ সেই বৃটিশ ছুটির প্রেতাত্মা আজও বহাল! আমাদের বিচারপতিরা এখনো সেই দেড় মাসের ছুটি আঁকড়ে ধরে আছেন, যেন তারা বৃটিশদের দূতাবাসের কর্মকর্তা, স্বাধীন দেশের বিচারপতি নন।
একটু চোখ মেলেই দেখা যায় – এই প্রথা কতটা বেমানান। ভারত, যেটি একই বৃটিশ ঔপনিবেশিক কাঠামো থেকে বেরিয়েছে, তাদের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলোতে ছুটি কমিয়ে আনা হয়েছে। বিচারকদের কর্মব্যস্ত করা হয়েছে। পাকিস্তানও তাদের আদালতের ছুটি কাঠামো পরিবর্তন করেছে। অথচ আমরা? আমাদের বিচারব্যবস্থা এখনো বৃটিশদের গোলামী সংস্কৃতির কঙ্কাল আঁকড়ে ধরে আছে। প্রশ্ন জাগে – আমরা কি আদৌ স্বাধীন হয়েছি, নাকি শুধু পতাকা বদল হয়েছে?
এদিকে বিচারপ্রার্থীদের অবস্থা করুণ। মামলার তারিখ পড়ল, কিন্তু শুনানি হলো না। শুনানি হলো, কিন্তু রায় হলো না। রায় হলো, কিন্তু কার্যকর হলো না। একজন বৃদ্ধ হয়তো তার শেষ সম্বল হারিয়ে আদালতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, কেউ হয়তো মৃত্যুশয্যায় থেকেও অপেক্ষা করছেন ন্যায়বিচারের জন্য। অথচ বিচারপতিরা তখন দেড় মাসের শরৎকালীন ছুটিতে গলফ খেলছেন, সেমিনারে যাচ্ছেন, কিংবা বিদেশ ভ্রমণে ব্যস্ত।
কেউ যদি প্রশ্ন করে – এই ছুটি কাদের স্বার্থে? তার উত্তর সহজ: বিচারপ্রার্থীর স্বার্থে নয়, জনগণের স্বার্থে নয়। এটি কেবলমাত্র বিচারপতিদের বিলাসিতা ও প্রাচীন গোলামী সংস্কৃতির প্রতি তাদের একনিষ্ঠ আনুগত্যের স্বার্থে। আর সরকার এই গোলামী প্রথা টিকিয়ে রাখছে কারণ মামলার জট তাদেরই স্বার্থে কাজে লাগে। মামলা জটিল হলে দুর্নীতিবাজদের বিচার হয় না, খুনিদের বিচার দীর্ঘ হয়, ক্ষমতাবানরা নিরাপদ থাকে।
তাহলে আমরা কি স্বাধীন দেশে বাস করছি, নাকি বৃটিশদের রেখে যাওয়া আইন-কানুন, প্রথা আর ছুটির কঙ্কালে শৃঙ্খলিত হয়ে আছি? আমাদের হাইকোর্ট কি জনগণের, নাকি বৃটিশ ভূতের অভয়ারণ্য?
আজ সময় এসেছে এই প্রেতাত্মা ভাঙার। শরৎকালীন দেড় মাসের ছুটি বাতিল করতে হবে। নইলে আদালত আর জনগণের আস্থা ফিরে পাবে না। জনগণ আদালতের দিকে তাকিয়ে থাকবে, আর আদালত ছুটিতে থাকবে – এ দৃশ্য কেবল লজ্জার নয়, এটি রীতিমতো অপরাধ। স্বাধীন দেশে গোলামী প্রথার নগ্ন রূপ আর কতদিন চলবে?
লেখক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, জাতীয় সাংবাদিক সোসাইটি এবং ওয়ার্ল্ড পীছ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here