
ডেইলি গাজীপুর প্রতিবেদক : চাঁদপুরের হাইমচর উপজেলায় বোনের বাড়ি যাওয়ার সময় সুপারি বাগানে নিয়ে কিশোরীকে (১৪) গণধর্ষণ করে তিন যুবক। এ অভিযোগে ওই তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে অভিযুক্তদের হাইমচর উপজেলার দক্ষিণ পাড়া বগুলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরভৈরবী ইউনিয়নে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে হাইমচর থানা নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন মোহাম্মদ রাকিব (১৯), শাহাজালাল ১৯ ও মোহাম্মদ হাসান ১৮। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন হাইমচর থানার ওসি মো. মাহাবুবুর রহমান মোল্লা।
পুলিশ জানায়,ওই কিশোরী নিজ বাড়ি রায়পুর উপজেলার ঝাউডুগি এলাকা থেকে অভিযুক্ত হাসানের অটোরিকশায় চড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বোনের বাড়ি যাচ্ছিল। ওই সময় বাড়ির কাছাকাছি পৌঁছলে তাকে রাস্তার পাশে একটি সুপারি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তিন যুবক।
কিশোরীর মা জানান, শনিবার সকালে তার মেয়েকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসা হয়।






