ওমানে উটের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা: মা-ছেলেসহ একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত, আহত -৩

0
137
728×90 Banner

স্টাফ রিপোর্টার : মধ্যপ্রাচ্যের ওমানে উটের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় (ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায়) বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি থানার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস আক্তারের মেয়ের জামাই হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।
আর এ ঘটনায় আহত তিনজন হলেন, একই গাড়িতে থাকা সাকিবের বোন, তার স্ত্রী ও তাদের ছোট কন্যা। পরে তাদের উদ্ধার করে সালালাহর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।
জানা যায়, ঘটনার দিন রাতে সালালাহ শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি উট হঠাৎ করে সড়কে চলে এলে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) স্থানীয় সময় দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে সালালাহর তাম্বেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাংলাদেশি ওই পরিবারের আরো তিন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওমানে থাকা নিহত সাকিবের চাচা মো. জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, কয়েক দিন আগে মাস্কাট থেকে হতাহতরা হজরত আইয়ুব (আ.) এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্যে সালালাহ যান। পরিবারের সবাই মিলে সেখানে সময় কাটাচ্ছিলেন।শুক্রবার দিবাগত রাতে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে সড়কে চলে আসা একটি উটের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরো বলেন, আমার ভাবি, ভাতিজা আর মেয়ের জামাই একসঙ্গে চলে যাবে, কখনো কল্পনাও করিনি। এটা মেনে নেওয়া খুব কষ্টকর।
এদিকে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম বলেন, দুর্ঘটনার খবর পৌঁছানোর পর ফটিকছড়ির ছোট ছিলোনিয়া গ্রামে শোকের ছায়া নেমেছে। একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here