চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু, আইসিইউতে একজন

0
165
728×90 Banner

ডেইলি গাজিপুর প্রতিবেদক: চট্টগ্রামে জশনে জুলুস র‌্যালিতে চাপা পড়ে পদদলিত হয়ে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। পাশাপাশি আহত ও অসুস্থ হয়ে ১৩ জন মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে চমেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সাইফুল আলম ও মো. আইয়ুব। তাদের মধ্যে একজনের বাড়ি নগরীর কালামিয়া বাজারে, আর একজন পটিয়া উপজেলায়। তবে আইসিইউতে থাকা ওই ব্যক্তির পরিচয় হাসপাতাল কর্তৃপক্ষ এখনও জানাতে পারেনি।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বার্তা২৪.কমকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। আরও একজন আইসিইউতে রয়েছেন।
জরুরি বিভাগে ১৩ জন ভর্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে আসা তথ্য অনুযায়ী হাসপাতালে এখন পর্যন্ত ৭ জন ভর্তি রয়েছেন। বাকিটা আমি এখনো জানি না।
এর আগে জুলুসে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারো মানুষের উপস্থিতি এবং ভিড়ের চাপ সামলাতে না পেরে মুরাদপুরে লোহার সাঁকোর একটি অংশ ভেঙে যায়। হুড়োহুড়ির মধ্যে অনেকেই নিচে নালায় পড়ে আহত হন। স্থানীয়রা ও স্বেচ্ছাসেবীরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় একজনও নিহত হয়েছেন। একই এলাকায় আহত আরও কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শোভাযাত্রা সকাল ১০টায় আলমগীর খানকাহ থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। লাখো মানুষ এতে অংশগ্রহণ করেছেন। জুলুসের নেতৃত্ব দিয়েছেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) এবং সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।
জুলুসের আয়োজন করেছে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশের সার্বিক সহযোগিতায়। আয়োজকরা জানিয়েছেন, শরিয়ত সম্মত পরিবেশ বজায় রাখতে ড্রাম বাজানো, নারীর অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, রাসুল (সা.)-এর শুভাগমনের পনেরশ বছর পূর্তি ও ট্রাস্টের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে এবারের শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে এটি চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার জানান, চট্টগ্রামে প্রথম জশনে জুলুস ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল থেকে শুরু হয়েছিল। সেই সময় বলুয়ারদীঘি পাড় খানকাহ শরিফ থেকে আনজুমান সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে শেষ হয়েছিল প্রথম আয়োজন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here