

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার হাজির মাজার বস্তি বটতলা এলাকা থেকে রিভলবার ও ইয়াবাসহ মো. নুরুল ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৪ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
নুরুল ইসলাম হাজির মাজার বস্তি এলাকার বাসিন্দা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, হাজির মাজার বস্তি বটতলা এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় নুরুল ইসলামকে ১ হাজার ৫০০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে নুরুল ইসলামের দেওয়া তথ্য মতে, তার টিনের দোতলা ঘরের শয়ন কক্ষের তোশকের নিচ থেকে একটি পুরাতন রিভলবার উদ্ধার করা হয়। গ্রেফতার নুরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরা পশ্চিম থানা, টঙ্গী থানা ও টঙ্গী পশ্চিম থানায় পাঁচটি মামলা রয়েছে।






