ফিলিস্তিনিদের জন্য সোহরাওয়ার্দীতে লাখো মানুষের মোনাজাত

0
147
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ফিলিস্তিনের জন্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাত করলেন লক্ষাধিক মানুষ। মোনাজাতে তারা ফিলিস্তিনের মুক্তি চেয়েছেন।
মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির সমাপ্ত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৪টা নাগাদ মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব ও মার্চ ফর গাজা কর্মসূচির সভাপতি মাওলানা আব্দুল মালেক। মোনাজাতে তিনি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি কবুল করে নেওয়ার কথা বলেন। ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য দোয়া করেন।
এর আগে বিকেল সাড়ে ৩টা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় বক্তা, ধর্মীয় সংগঠনের প্রধান, সামাজিক সংগঠনের নেতারা স্টেজে উপস্থিত হন।
পরে ফিলিস্তিনের মুক্তি চেয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান তোলেন মাওলানা মামুনুল হক, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ একাধিকজন।
মোনাজাতের আগে মঞ্চে থেকে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমদুল্লাহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম, খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, অ্যাক্টিভিস্ট সাইমুম সাদি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
এদিকে ‘মার্চ ফর গাজা’য় যোগ দেওয়া মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্যে হয়ে পড়েছে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পা ফেলার জায়গা নেই। অনেকেই এসেছেন বিভিন্ন প্রতীক নিয়ে। এসবের মাধ্যমে তারা ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন এবং ইসরায়েলের প্রতি নিজেদের ঘৃণা প্রকাশ করেন। অনেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন।
সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়র্দী উদ্যানে জড়ো হন। শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, মৎসভবন, দোয়েল চত্বরসহ বিভিন্ন স্থানে মানুষকে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।
মার্চ ফর গাজা কর্মসূচির কারণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রয়েছে। এছাড়াও বিভিন্ন পয়েন্ট থেকে জনতার উপস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের সড়কে যানজট তৈরি হয়েছে। রাজধানীর ফার্মগেট, কাওরান বাজার, বাংলামটর ও শাহবাগ এলাকা ঘুরে যানজটের এমন চিত্র দেখা গেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here