ভূমধ্যসাগরে নৌকাডুবি: আট বাংলাদেশীর মৃত্যুর ঘটনায় দুই জনকে গ্রেফতার

0
103
728×90 Banner

স্টাফ রিপোর্টার: অবৈধভাবে ইতালি পৌঁছানোর উদ্দেশে ইউরোপে যাত্রাকালে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আট বাংলাদেশী নাগরিকের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার, ২০২৬ মাদারীপুর জেলার রাজৈর থানাধীন এলাকায় সিআইডি’র সিরিয়াস ক্রাইম ইউনিট গোপনে খবর পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো— দক্ষিণ খালিয়া গ্রামের বাসিন্দা গুরুদাস বরাই (৪৫) ও রাজৈর থানাধীন ডামেরচর এলাকার বাসিন্দা মো. মেতালেব মাতাব্বর (৬৮)।
মঙ্গলবার বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকার বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান গ্রেফতারের বিষয়টিকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সিআইডি কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ভুক্তভোগীদের ইতালিতে বৈধভাবে পাঠানোর আশ্বাস দিয়ে, প্রথমে তাদেরকে লিবিয়ায় পাচার করা হয়। পরে তাদেরকে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙ্গি নৌকায় করে ভূমধ্যসাগর পার হতে বাধ্য করা হয়।
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিসিয়ার উপকূলে পৌঁছানোর আগেই রাত ১১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে নৌকাটি ডুবে যায়। এতে এই আট বাংলাদেশী নাগরিক প্রাণ হারান।
সিআইডির সূত্র জানান, এঘটনায় নিহতরা হলেন— সজল বৈরাগী (২৫), মামুন শেখ (২৪), নয়ন বিশ্বাস (১৮), কাজী সজীব (১৯), কায়সার খলিফা (৩৫), মো. রিফাত শেখ (২৫), রাসেল শেখ (১৯) ও ইমরুল কায়েস আপন (২৪)।
সিআইডি’র তদন্তে জানা যায়, পাচারকারীরা ইতালিতে নিরাপদ ও বৈধ যাত্রার আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে আনুমানিক ১৪ লাখ টাকা আদায় করে।
গ্রেফতারকৃতরা মামলায় নামোল্লেখিত মূল পাচারকারীদের নির্দেশে টাকা সংগ্রহ ও ভুক্তভোগীদের সংগ্রহের কাজে জড়িত ছিলেন।
সিআইডি কর্মকর্তারা গণমাধ্যমকে আরো জানান, মো. মোতালেব মাতাব্বরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় আগের একটি মামলা রয়েছে, যা চলমান তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। ঘটনার পর নিহতদের মধ্যে চার জনের লাশ তিউনিসিয়ার গাবেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং বাকি চার জনের লাশ জেরবা জেনারেল হাসপাতালে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় লাশগুলো বাংলাদেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ২০২৪ সালের ১৯ এপ্রিল নিহত সজল বৈরাগীর বাবা সুনীল বৈরাগী (৫৯) ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
সিআইডি জানিয়েছে, আটককৃতদের সহযোগী এবং পলাতক অন্যান্য সদস্যদেরকে শনাক্ত ও গ্রেফতার, অবৈধ অর্থের প্রবাহ অনুসন্ধান ও পুরো অপরাধী চক্রের বিস্তার উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here