
ডেইলি গাজীপুর প্রতিবেদক: রমজান মাসে ডি এম পির তুরাগ থানায় বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পরামর্শ দিয়েছে তুরাগ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ সফিউল্লাহ ও পুলিশ পরিদর্শক ( অপারেশন ) মোঃ দুলাল হোসেন ।ব্যক্তি ও সম্পদের নিরাপত্তায় এসব পরামর্শ মেনে চলতে নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে তাদের পক্ষ থেকে ।তুরাগবাসীকে রোজায় বাসাবাড়িতে গৃহকর্মী নিযুক্ত করলে তাদের প্রতি বিশেষ নজর রাখার পাশাপাশি তাদের ছবি ও জীবন বৃত্তান্ত নিকটস্থ থানায় জমা দিতে বলা হয়েছে। সেহরিতে ঘুম থেকে জাগানোর অজুহাতে অপরিচিত, দুষ্কৃতিকারী কেউ যেন বাসায় ঢুকতে না পারে তা নিশ্চিত করতে বলেছেন তারা । ফুটপাতে এবং উন্মুক্ত হোটেলের ইফতার পরিহার করা ছাড়াও অপরিচিত কারও কাছ থেকে খাদ্য গ্রহণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে । অপরাধীরা ডাব কিংবা বোতলজাত পানীয়তে ঘুমের কিংবা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে মানুষের জীবন বিপদগ্রস্ত করতে পারে, তাই বাসার বাইরে এসব পান করায় সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া অগ্নিকান্ড রোধে শেষরাতে সেহরির সময় খাবার গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে না রাখা, কর্মস্থল থেকে বাসায় ফেরার জন্য তাড়াহুড়া করে কিংবা ঝুঁকি নিয়ে যানবাহনে না উঠতেও পরামর্শ দিয়েছেন । নাগরিকদের সংশ্লিষ্ট এলাকার বিট অফিসার এবং অন্যান্য জরুরি সেবা সংস্থার ফোন নম্বর সংরক্ষণ করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে নিচের নম্বরগুলোতে ফোন করা যাবে- ০১৭১৩৩৭৩১৬৩, ০১৭৬৯৬৯০২৬০, ০১৭৬৯৬৯১৮১৫, ০২- ৮৯৮১২৪৭ । এছাড়া জাতীয় জরুরি সেবার ‘৯৯৯’ নম্বর তো রয়েছেই ।






