কার ছত্রছায়ায় ? ২০টির বেশি অবৈধ চুলা, বছরের পর বছর গ্যাস চুরি

0
400
728×90 Banner

 

কামরুজ্জামান: বাংলাদেশের জন্য তিতাস গ্যাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। শিল্প, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও গৃহস্থালিসহ বিভিন্ন খাতে গ্যাসের ব্যাপক ব্যবহার রয়েছে। কিন্তু কিছু অসাধু চক্রের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের অভিযোগ দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস চুরি শুধু সরকারের আর্থিক ক্ষতিই করছে না, বরং দেশের সাধারণ মানুষকে প্রয়োজনীয় গ্যাস সুবিধা থেকে বঞ্চিত করছে। একই সঙ্গে অনিয়ন্ত্রিত গ্যাস ব্যবহার বিস্ফোরণ ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে তুলছে।

রাজধানীর দক্ষিণখান থানার দক্ষিণ আজমপুরের মুন্সি মার্কেট এলাকার একটি আটতলা ভবনকে ঘিরে সম্প্রতি অবৈধ গ্যাস সংযোগের গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, রেহানা পারভীনের মালিকানাধীন ওই ভবনের অধিকাংশ ফ্ল্যাটেই অনুমোদনবিহীন গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, ভবনটিতে প্রায় ২৭-২৮টি ফ্ল্যাট রয়েছে এবং এর মধ্যে অধিকাংশ চুলাই দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ভবনটি নির্মাণের পর থেকেই প্রায় ৮-৯ বছর ধরে তিতাস গ্যাসের বৈধ অনুমোদন ছাড়াই ২০টিরও বেশি চুলার সংযোগ ব্যবহার করা হচ্ছে। তাদের দাবি, এর মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হয়েছে, যার ফলে সরকারের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই সঙ্গে সাধারণ গ্রাহকরা গ্যাস সংকটের ভোগান্তিতে পড়েছেন বলেও অভিযোগ তাদের।

এলাকাবাসী ও একটি বিশ্বস্ত সূত্রের দাবি, অবৈধ গ্যাস সংযোগের পেছনে তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে। সূত্রটি জানায়, গত ৩ মে ২০২৬, রবিবার দুপুরে তিতাসের কয়েকজন স্টাফ অভিযোগের ভিত্তিতে ভবনটির গ্যাস লাইনের রাইজার খুলে নিয়ে যান।

সূত্রটির ভাষ্যমতে, ওই সময় ভবনের মালিক পক্ষ তিতাসের স্টাফদের সঙ্গে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক লেনদেনের চেষ্টা করেন। পরে মোটা অংকের ঘুষের বিনিময়ে রাইজারটি পুনরায় সংযুক্ত করা হয় বলেও অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট তিতাস কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভবনের দারোয়ান আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “তিতাসের লোকজন ভুলবশত রাইজার খুলে নিয়েছিল।” অপরদিকে ভবনের মালিক রেহানা পারভীন সাংবাদিককে বলেন, “কিছু বকেয়া বিল থাকার কারণে তিতাসের লোকজন এসেছিল।”

তবে স্থানীয়দের দাবি, রাইজার খুলে যাওয়ার বেশ কিছু সময় পর মোবাইল ফোনের মাধ্যমে তিতাস গ্যাসের স্টাফদের সাথে যোগাযোগ করে মোটা অংকের টাকা ঘুষের বিনিময়ে ভবনের লোকজন সেটি পুনরায় ফিরিয়ে আনেন এবং পরে আগের মতো গ্যাস সংযোগ চালু করা হয়।

ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে সাংবাদিক কামরুজ্জামান সরেজমিনে ভবনটিতে গেলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। কামরুজ্জামান জানান, তিনি ভবনে কতগুলো বৈধ ও অবৈধ গ্যাস সংযোগ রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে বাড়ির মালিক রেহানা পারভীন ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অভিযোগ রয়েছে, এ সময় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং সন্ত্রাসী কায়দায় বিভিন্ন হুমকি-ধামকি দিতে থাকেন রেহানা পারভীন ও তার পূত্র। এক পর্যায়ে প্রাণনাশের আশঙ্কা তৈরি হলে দ্রুত স্থান ত্যাগ করেন সাংবাদিক কামরুজ্জামান।

স্থানীয় সচেতন মহল বলছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা না করলে জাতীয় সম্পদের অপচয় বন্ধ করা সম্ভব হবে না। তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি তিতাস গ্যাসের অভ্যন্তরে লুকিয়ে থাকা অসাধু চক্রটির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এলাকাবাসী।

এদিকে গণমাধ্যম কর্মীর সঙ্গে দুর্ব্যবহার, হুমকি-ধামকি এবং অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের বিষয়ে দোষীদের কঠোর শাস্তি ও সাংবাদিকের জীবনের নিরাপত্তা চেয়ে দক্ষিণখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here