
এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এলাকায় পবিত্র রমজান মাসে বাজার গুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা দেখার জন্য আজ দুপুরে আকষ্কিক পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গত সপ্তাহে বাজার পরিদর্শনের সময় আমি দেখেছি মূল্যতালিকার একপাশে ৫২৫ টাকা, অপর পাশে ৫৫০ টাকা। এটা আমরা কেউ মেনে নিতে পারিনি। বর্তমানে রমজানে বাজারে মাংসের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দামেই মাংস বিক্রি হচ্ছে।
আজ রোববার দুপুরে রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় আকষ্কিক পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে (ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন,বনানী থানা পুলিশ সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, আমরা বাজার স্থিতিশীল রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমি এসেছি কয়েক মাস হলো। আমি সব কিছু বোঝার চেষ্টা করছি। মার্কেটের প্রতিনিধি যারা আছেন, তাদের আমি মনিটরিং করার চেষ্টা করবো। আমার জানামতে, আমাদের ৫টি বাজার মনিটরিং টিম কাজ করছে।
মেয়র বলেন, মাংসের মূল্য যেটা নির্ধারণ করা আছে, সেটিই ঠিক আছে। চালের দোকানেও ঠিক আছে। আমি আজ মার্কেট ঘুরে দেখেছি। আমি ব্যবসায়ীদের অনুরোধ করবো শুধু রমজান মাস নয়, আমরা ১২ মাস যেন খাদ্য ভেজালমুক্ত করে চলতে পারি।
রাস্তা ও ফুটপাতে কোনো দোকান পাট বসতে দেয়া হবে না উল্লেখ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, রাস্তার মধ্যে কোনও দোকানপাট বসতে দেওয়া হবে না। গত সপ্তাহে আমরা কিছু দোকান উচ্ছেদ করেছি। তারা আমাকে ফোন করেছেন। তারা থাকতে চান। আমি তাদেরকে জানিয়ে দিয়েছি, তোমাদের চেলে যেতে হবে।
ডিএনসিসি আতিকুল ইসলাম আজ মহাখালী কাঁচাবাজারটি পরিদর্শন করে আমি কোনো ধরনের অনিয়ম দেখতে পাইনি। পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য বাজারও পরিদর্শন করবেন বলে জানান তিনি।






