সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ না :প্রধানমন্ত্রী

0
282
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটিতে যে সমস্ত মানুষ রাস্তা, পথে-ঘাটে বেরুচ্ছে, তাদেরকে বুঝিয়ে ঘরে ফেরানোর জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে, কারও সাথে অশোভন, অশালীন এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ করা যাবে না। প্রধানমন্ত্রী আজ আইনপ্রয়োগকারী সংস্থার প্রধান, মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই বার্তা দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন যে, ‘এটা গণতান্ত্রিক সরকার এবং জনগণের সরকার। কাজেই মানুষের সাথে স্বৈরাচারী সরকারের মতো আচরণ করা যাবে না।’
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিভিন্ন স্থানে আইনপ্রয়োগকারী সংস্থা এবং প্রশাসনের অযাচিত বাড়াবাড়িতে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন এবং ক্ষুব্ধ হয়েছেন। এগুলো অবিলম্বে বন্ধের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য যে, গত ২৬ মার্চ থেকে ১০ দিনের সাধারণ ছুটিতে দেশ। এই সাধারণ ছুটির সময় কেউ কেউ অতি উৎসাহী হয়ে বাইরে বের হচ্ছেন। আবার কেউ নিরুপায় হয়ে ঘর থেকে বের হচ্ছেন। অনেকে পেটের দায়ে রিকশা নিয়ে বের হচ্ছেন। এই পরিস্থিতিতে আইনপ্রয়োগকারী সংস্থা এবং প্রশাসন বিভিন্ন স্থানে কঠোর অবস্থান নিচ্ছে। কোথাও কোথাও লাঠিপেটা করার অভিযোগ উঠেছে। আবার অনেক বয়স্ক লোককে কান ধরে উঠবস করানোসহ নানা রকম কঠোর ব্যবস্থা প্রয়োগ করার ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে যশোরের একজন এসি ল্যান্ডকে দায়িত্ব থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থাকে বলা হয়েছে, যে সমস্ত মানুষ ঘর থেকে বের হবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ঘরে ফেরাতে হবে, সচেতন করতে হবে। কিন্তু লাঠিপেটা বা কান ধরে উঠবস করানো এবং বয়স্ক মানুষ মানুষ বা যে কারও সাথে অশোভন আচরণ করা সভ্য সমাজের কাজ না। এভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণও করা যাবে না।
উল্লেখ্য যে, যশোরের ভ্রাম্যমান আদালতের ঘটনাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে তিনি এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি সঙ্গে সঙ্গে জনপ্রশাসন সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে এ নিয়ে কথা বলেন। এর পরপরই ওই ভ্রাম্যমান আদালতের এসি ল্যান্ডকে প্রত্যাহার করা হয়।
এছাড়াও দেশে বিভিন্ন স্থানে যে আইনপ্রয়োগকারী সংস্থা দায়িত্বপালন করছে তারা যেন সাধারণ মানুষকে অযাচিতভাবে মারপিট বা হয়রানি না করে সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার প্রেক্ষিতে পুলিশের আইজি আজ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাকে সহনশীল আচরণ করার জন্য একটি বার্তা দিয়েছেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here