
ডেইলি গাজীপুর প্রতিবেদক : মীনা বাজার, আগোরা, স্বপ্নসহ দেশের শীর্ষ সুপার শপগুলোর সংগঠনটি ভোক্তাদের প্রতি এ আহ্বান জানায়। দেশের সুপারশপগুলোতে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন (বিএসওএ)। তাই করোনাভাইরাস (কোভিড-১৯) আতংকে অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ সুপার শপগুলোর সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশের মানুষের প্রতি এ আহ্বান জানায় বিএসওএ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের প্রার্দুভাবে নিত্যপণ্যের সংকটের আশঙ্কায় খোলা বাজারে গিয়ে ক্রেতারা অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সম্মুখীন হচ্ছেন।
নিত্যপণ্যের কোনো সংকট পড়বে না জানিয়ে বিবৃতি আরও বলা হয়, দেশের সুপারশপগুলোতে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। যা ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে।
তাই আতংকিত হয়ে ভোক্তাদের অতিরিক্ত পণ্য ক্রয় বা মজুদ না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
প্রসঙ্গত, ২০০১ সাল থেকে বাংলাদেশে সুপারশপ শিল্পের যাত্রা শুরু হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে মীনা বাজার, আগোরা ও স্বপ্ন দেশের প্রধান তিনটি সুপারশপ।






