হ্যালো রোহান’: করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় চিকিৎসক আটক

0
259
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যাওয়ার খবর রোহান নামে কাউকে দেয়ার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ইফতেখার আদনান নামে চট্টগ্রামের এক চিকিৎসককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গুজব সৃষ্টিকারী ইফতেখার চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। আটককৃত ওই চিকিৎসক চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে বেসরকারি ক্লিনিক মেডিকেল সেন্টারে কর্মরত আছেন। ইচ্ছাকৃতভাবে ভয়েজ রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে বলেও জানায় পুলিশ।
পুলিশ আরো জানায়, অডিওতে টেলিফোনে রোহান নামে একজনকে সতর্ক করা হচ্ছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েকদিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৮-১৯ জনের মৃত্যু হয়েছে বলেও অপপ্রচার চালানো হয় ওই অডিওতে। তবে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ বক্তব্যের কোনো ভিত্তি পাননি বলে জানিয়েছিলেন।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যু হয়েছে বলে একটি ভুয়া তথ্য অডিওবার্তার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেন ইফতেখার। অডিওটি ভাইরাল হওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী গুজব সৃষ্টিকারীর সন্ধানে নামে। প্রথমে তারা গুজব সৃষ্টিকারী ওই ব্যক্তিকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে নগরীর প্রবর্তক মোড় থেকে গুজব ছড়ানোর দায়ে ইফতেখারকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন(উত্তর) এর উপকমিশনার বিজয় বসাক জানান, পাঁচলাইশ থানার একটি দল, চিকিৎসক ইফতেখার আদনানকে আটক করে। করোনাভাইরাসে মৃত্যু নিয়ে একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে ওই চিকিৎসকের বিরুদ্ধে। ৩৫ সেকেন্ডের ওই অডিওতে কোরোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যাওয়ার খবর রোহান নামে কাউকে দিতে শোনা যায়। কয়েকদিন আগে এই অডিও ফেসবুকের ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে ভাইরাল হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here