

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকার প্রখ্যাত প্রবীণ সংবাদপত্র পরিবেশক ও আনোয়ার সংবাদপত্র এজেন্সির মালিক আনোয়ার হোসেন (১০৪) ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে শনিবার (১ নভেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পাকিস্তান আমলের শুরু থেকে পত্রিকা সরবরাহের পেশায় যুক্ত ছিলেন আনোয়ার হোসেন। ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত তাঁর ‘আনোয়ার সংবাদপত্র এজেন্সি’র মাধ্যমে তিনি টঙ্গী, উত্তরা, ঢাকা ক্যান্টনমেন্ট ও গাজীপুর জুড়ে বিভিন্ন জাতীয় দৈনিকের সংবাদপত্র বিতরণ করতেন। দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে এ পেশায় অবদান রাখায় তিনি পরিবেশক সমাজে “প্রবীণ এজেন্ট আনোয়ার” নামে পরিচিতি লাভ করেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় সংবাদকর্মী, পরিবেশক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি তিন পুত্র ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (২ নভেম্বর) বাদ জোহর টঙ্গীর পাগাড় পশ্চিম পাড়া (আটারকল) জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে লাশ স্থানীয় মরকুন সিটি গোরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন,জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন, জেইউজি সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।






