আদালতে স্বীকারোক্তি দিলেন বক্সার সাব্বির খুনের মামলার আসামি

0
109
728×90 Banner

মোঃ সোহেল রানা, রাজশাহী: রাজশাহীর তরুণ বক্সার মো. সাব্বিরকে (২১) ছুরি মেরে হত্যার ঘটনায় গ্রেপ্তার রবিউল ইসলাম জাসন (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দী দেন বলে জানিয়েছেন নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই অভিযুক্ত জাসন পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেন। পরে সকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
উল্লেখ্য, তরুণ বক্সার সাব্বিরের বাড়ি নগরের শাহমখদুম থানার পবা মিলপাড়ায়। তার বাবার নাম শাহিন ইসলাম। অভিযুক্ত জাসনের বাড়িও একই এলাকায়। তার বাবার নাম আমিরুল ইসলাম। জাসন মাদকাসক্ত। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণে সাব্বির ও তার বাবা শাহিনের ওপর ক্ষুব্ধ ছিলেন মাদকাসক্ত জাসেন। গত মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। পরদিন বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যান। এতে তার মৃত্যু হয়।
এরপর সন্ধ্যা পর্যন্ত জাসন আটক না হলে এলাকাবাসী বিক্ষোভ করেন। সন্ধ্যা ৭টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী সপুরা টিটিসি এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। রাত ৮টা পর্যন্ত বিক্ষোভ হয়। এ দিন জাসনের বাড়ির জিনিসপত্র বাইরে বের করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে নগরের মিজানের মোড় ডগারহাট এলাকা থেকে জাসনকে গ্রেপ্তার করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব ও পুলিশের যৌথ দল এই অভিযান চালায়। ওসি ফারুক হোসেন জানান, সাব্বির খুনের ঘটনায় রাতে তার বাবা শাহিন বাদী হয়ে মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here