
ডেইলি গাজীপুর প্রতিবেদক: উত্তরা হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডিতে দুই অভিভাবক সদস্যকে প্রত্যাহার করেছে শিক্ষা বোর্ড। তারা হলেন, গভর্নিং বডির অভিভাবক সদস্য মো. আবেদ আলী ও দেলোয়ার হোসেন। তবে কি কারণে শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল মালেকের (যার ক্রমিক নং-১০) বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি, তা জানা যায় নি। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি বিশ্বস্ত সূত্রে রোববার এসব তথ্য জানা যায়।
সূত্রটি জানায়, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসের ১ তারিখে উত্তরা হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির উচ্চ মাধ্যমিক শাখার বেআইনী ও অবৈধভাবে দুই অভিভাবক সদস্যের পদ বাতিলের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন মো. হারুনুর রশিদ নামের এক জন অভিভাবক। আবেদনে বলা হয়, কলেজের গভর্নিং বডিতে উচ্চ মাধ্যমিক শাখা থেকে নির্বাচিত আবেদ আলী ও দেলোয়ার হোসেন নামের দুই জন অভিভাবকের সন্তানদের কেউ অত্র শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নেই। সুতরাং তারা কেউই অভিভাবক নন।
এমন অভিযোগের প্রেক্ষিতে তাদের প্রত্যাহারের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক বরাবর আদেন করা হয়।
এমন আবেদনের পরিপ্রেক্ষিতে জানুয়ারির ১৪ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মমতাজ বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা জেলা অফিসারেকে নির্দেশ দেওয়া হয়। এত বলা হয়, ১৫ দিনের মধ্যে সুস্টষ্ট মতামতসত প্রতিবেদন দাখিলের জন্য।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানায়, উত্তরা হাইস্কুল এন্ড কলেজকে দেওয়া বোর্ডের পত্র নং- ২৬৫/ক/অনু:/০৯/২৫০১ তারিখ ৩০/০১/২০১৯ এর জবাব সন্তোষজনক না হওয়ায় এবং বর্তমান কমিটির ২ জন অভিভাবক সদস্যের সন্তানদ্বয় ইতিমধ্যে অত্র প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠান ত্যাগ করায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভির্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন প্রবিধানমালা ২০০৯ এর আলোকে অভিভাবক সদস্য আবেদ আলী ও দেলোয়ার হোসেনের সদস্যপদ বাতিল করা হয়।
শিক্ষা বোর্ডের অপর একটি সূত্র জানায়, ‘প্রাথমিক শিক্ষক হওয়া সত্ত্বেও মাধ্যমিকের কমিটিতে থাকা শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল মালেকের বিরুদ্ধেও যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ কোন প্রাথমিকের শিক্ষক কখনোই মাধ্যমিক কমিটিতে থাকতে পারে না। কেউ যদি থাকে তাহলে তথ্য গোপন করে অবৈধভাবে রয়েছেন।
অভিভাবকরা বলেন, ‘শুধুমাত্র কমিটিতে থাকা অভিভাবকরাই এসব অনিয়ম দুর্নীতির সাথে জড়িত নয়, এর সাথে কলেজের অধ্যক্ষ ফরিদুর রহমানও জড়িত রয়েছেন। অবৈধভাবে উপার্জিত এসব অর্থের ভাগ তিনিও পাচ্ছেন।’
এদিকে উত্তরা হাইস্কুল এন্ড কলেজের অভিভাবকরা জানান, আবেদ আলী ও দেলোয়ার হোসেন অবৈধভাবে গভর্নিং বডির সদস্যপদ লাভ করার পর থেকেই শুরু করে দেন নানা অনিয়ম। এরই মধ্যে ভর্তি বাণিজ্য, ফরম ফিলাপ বাণিজ্য ছিল চরমে। এছাড়াও এ দুই জন্য অভিভাবক সদস্য গভর্নিং বডিতে থাকাকালীন সময়ে হাইস্কুলের কোন টেন্ডার সহজে কেউ নিতে পারেনি।
এমন সব দুর্নীর্তির অভিযোগ প্রসঙ্গে উত্তরা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদুর রহমানের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।






