এয়োদশ সংসদ নির্বাচনের বাকি মাত্র ১৮ দিন : বিএনপিতে বাড়ছে নেতাকর্মীদের যোগদানের ঢল

0
176
728×90 Banner

মনির হোসেন জীবন : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে দেখা যাচ্ছে নতুন মেরুকরণ। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে দলীয় নেতাকর্মী আর সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসব ও উদ্দীপনার সৃষ্টি হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হতে বাকি আছে আর মাত্র ১৮ দিন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী সব কিছু ঠিকঠাক থাকলে দেশে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। ঠিক এই সময়েই দেশের রাজনীতিতে নতুন করে দেখা যাচ্ছে ভোটের নতুন মেরুকরণ। বিভিন্ন দল যখন নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে ব্যস্ত, তখন জাতীয়তাবাদী দলের (বিএনপি)তে যোগ দিচ্ছেন অন্য দলের অনেক নেতাকর্মী ও সমর্থকরা। সেই কারনেই বিএনপির জনপ্রিয়তা দিনকেদিন বাড়ছে। ইতোমধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা, জনসমাবেশ, মিছিল-মিটিং শুরু হয়েছে। রাজধানী ঢাকা ২০টি গুরুত্বপূর্ণ আসনসহ সারাদেশের নির্বাচনের প্রচার- প্রচারণা শেষ মুহুর্তে অনেকটাই সরগরম ও তুঙ্গে রয়েছে । খবর তৃণমূল বিএনপির সংশ্লিষ্ট সূত্র ও একাধিক বিশ্বস্ত তথ্য সূত্রের।
বিএনপির দলীয় সূত্রগুলো বলছে, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে বড় ধরনের গতি এনেছে। বর্তমানে তারেক রহমান দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত আছেন। এর আগে অনিশ্চয়তায় থাকা অনেক নেতাকর্মী এখন বিএনপির দিকে ঝুঁকছেন। দলীয় নেতাকর্মীসহ অনেকের ধারণা, বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে—এই বিশ্বাস থেকেই তারা দলটির সঙ্গে যুক্ত হচ্ছেন। আবার কেউ কেউ মনে করছেন, নির্বাচনের ঠিক আগে এই যোগদান বিএনপির রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করছে।
জানা যায়, সাম্প্রতিক কয়েক দিনে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এনসিপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। গত ৭ জানুয়ারি, ২০২৬ দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
এর আগে, একই দিন দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তাদের মধ্যে পূর্ণিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘সমসাময়িক প্রেক্ষাপটে মনে হয়, বিএনপি দেশের জন্য ভালো কিছু করবে। তাই ইউনিয়নের ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের প্রায় ১০০ জন নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। যোগ দেওয়া কারও বিরুদ্ধে কোনো মামলা নেই।
এছাড়া গেল ৭ জানুয়ারি, ২০২৬ (একই দিন) রাজধানীর অদূরে গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। এনসিপি থেকে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন- গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম ও শফিকুল ইসলাম। এ ছাড়া জাতীয় যুব শক্তির নাঈম মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতাকর্মীও বিএনপিতে যোগ দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে শ্রীপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ বেশ কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
গেল সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) সকালে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাবেক আমির আব্দুল লতিফ মাস্টার বিএনপিতে যোগ দেন। একই দিন গাজীপুরের শ্রীপুরে দুই জামায়াতকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ বিএনপিতে যুক্ত হন। টেপিরবাড়ি গ্রামে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এস. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা দলটিতে যোগ দেন।
এরপর দিন গেল মঙ্গলবার (৬ জানুয়ারি, ২০২৬) বিকেল ৪টায় শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। জেলা প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে রয়েছেন সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহমেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মনিবুল ইসলাম ও সমন্বয়ক আশিকুর রহমান আশিক।
এ ছাড়া নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নির্বাচিত ইউপি চেয়ারম্যান আনোয়ার সরকারসহ প্রায় ৩০ জন নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
গত সোমবার (৪ জানুয়ারি, ২০২৬ ) রাতে ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান সম্পন্ন হয়। সব মিলিয়ে, নির্বাচনের আগে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর বিএনপিতে অন্য দলের নেতাকর্মীদের যোগদান চলছেই।, এই প্রবণতা দেশে আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে আ. লীগ ছেড়ে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিএনপির স্থানীয় নেতারা। এসময় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
গেল বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।
লোহাগাড়া উপজেলা সদরের এক কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে তারা এলডিপি ছেড়ে বিএনপিতে যোগদান করেন। এসময় স্থানীয় উপজেলা বিএনপির নেতারা ফুলের দিয়ে এলডিপির থেকে আসা নেতাকর্মীদের বরণ করে নেন।
এদিকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে দেশের বিএনপির রাজনীতির মাঠে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। দলীয় হাইকমান্ড থেকে শুরু করে তৃনমুল পর্যায়ের নেতাকর্মী আর সমর্থকদের সংখ্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেড়ে জনসমুদ্র পরিণত হচ্ছে। নতুন রূপে নতুন কিছু নিয়ে বীরদর্পে রাজনীতিতে ফিরছে ধানের শীষ। এমনটাই প্রত্যাশা করছে বিএনপির শীর্ষ রাজনীতিবিদ ও দলীয় নেতাকর্মীরা। এটিই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here