এ মুহূর্তে সক্রিয়ভাবে রাজনীতি করার সুযোগ নেই: সোহেল তাজ

0
273
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: এ মুহূর্তে সক্রিয়ভাবে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তবে দেশ ও তাঁর দল আওয়ামী লীগের যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যবিষয়ক লাইফ স্টাইল রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’ সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সোহেল তাজ। এ ছাড়া যেকোনো দেশের উন্নয়নে মূল বাধা দুর্নীতি উল্লেখ করে সে বিষয়ে সব সময় সোচ্চার থাকবেন বলেও জানান তিনি। উন্নত মানসিকতা ও সুস্থ হিসেবে সমাজের মানুষকে তৈরি করতে পারলে দেশও এগিয়ে যাবে বলে মনে করেন সোহেল তাজ। আর সে কারণেই সামাজিক দায়বদ্ধতা থেকে এই অনুষ্ঠান তৈরি করছেন বলেও জানান সোহেল তাজ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। রাজনীতি আমার রক্তে, রাজনীতি আমার পরিবারে। এ দেশ আমাদের রক্তের। তবে সক্রিয়ভাবে যে রাজনীতি, সেটা আমার এখন মনে হয় হচ্ছে না। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সোহেল তাজ বলেন, আমাদের পরিবার সব সময় আওয়ামী লীগের সঙ্গে থাকবে। আমিও সে পরিবারের সন্তান। দলের দুঃসময়ে আমিও থাকব। তবে এই মুহূর্তে আমার সক্রিয়ভাবে রাজনীতি করার কোনো স্কোপ (সুযোগ) নেই। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি করতে হলে সুস্থ মানুষ দরকার, ৩০ লাখ শহীদের বিনিময় অর্জিত বাংলাদেশে আমরা বাস করছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই সোনার বাংলার ৬০ শতাংশ লোক যদি অসুস্থ থাকে, তাহলে আপনি কী সোনার বাংলা গড়বেন? সোনার বাংলা গড়ার জন্য দরকার সোনার মানুষ, আর সোনার মানুষ তৈরি করতেই আমার এ উদ্যোগ। ‘হটলাইন কমান্ডো’ সম্পর্কে সোহেল তাজ বলেন, রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কিছু করার ইচ্ছে থেকে আমার এই পদক্ষেপ। বহুদিন ধরেই দেশের মানুষ শারীরিক ও মানসিক স্বাস্থ্য, জীবনযাপনের অভ্যাস ও ধরন, সচেতনতা ও দায়িত্ববোধের বিষয়গুলো নিয়ে আমি ভাবছিলাম। সে ভাবনা থেকেই জন্ম লাইফস্টাইল বিষয়ক রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’। ‘হটলাইন কমান্ডো’ টিম নিয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে নানা শ্রেণি-পেশার মানুষের দরজায় কড়া নাড়ব। জানতে চাইব তাদের জীবনযাপনের অভ্যাস ও ধরন, স্বাস্থ্যগত সমস্যার কথা, খাদ্যাভ্যাস, বাসস্থান, কর্মপরিবেশ ও নানা সমস্যার কথা। টিমের বিশেষজ্ঞ সদস্যরা মানুষকে সচেতন করবেন এবং হাতে-কলমে সহায়তা করবেন জীবনযাপনের সহজ ও কার্যকর পথ বেছে নিতে। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের ভেতরে যদি সচেতনতা বৃদ্ধি পায়, জীবনধারায় পরিবর্তন আসে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমরা ভবিষ্যতে আরো উৎসাহ পাব। দেশকে ফিট রাখতে হলে দেশের মানুষকে ফিট থাকতে হবে। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতেই প্রেজেন্টেশনের মাধ্যমে সোহেল তাজ বলেন, বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগের কারণে প্রায় ৬০ ভাগ মানুষ মৃত্যুবরণ করেন, যার ১০০ ভাগ প্রতিরোধযোগ্য। কেবল জীবন অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এসব রোগ থেকে মুক্তি সম্ভব। এই মুক্তির পথগুলো আমরা খোঁজার চেষ্টা করব। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানটি স¤প্রচার করবে একটি বেসরকারি টিভি চ্যানেল। আগামি সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া এই রিয়েলিটি শো ১৫ দিন অন্তর মঙ্গলবারে দেখানো হবে। এরইমধ্যে ১২ পর্বের অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ‘হটলাইন কমান্ডো’র টিম ছাড়াও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিকুর রহমান, স্পন্সরের পক্ষে উপস্থিত ছিলেন র‌্যাংগস গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরীসহ অন্যরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here