

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ধর্মান্তরিত এক দম্পতিকে কেন্দ্র করে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী।
মঙ্গলবার( ৩১ মার্চ) প্রেসক্লাবে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নারী আদিবা জান্নাত।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার পূর্ব নাম ছিল জনতা রানী এবং তিনি উপজেলার স্বরসত্তিপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত সম্পর্কের প্রেক্ষিতে গত ২৪ মার্চ আদালতের মাধ্যমে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে আদিবা জান্নাত রাখেন।
পরবর্তীতে মোসলেম সরদারের ছেলে মো. জিয়ার হোসেনের সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর থেকে তারা স্বাভাবিক দাম্পত্য জীবনযাপন করে আসছিলেন বলে দাবি করেন।
আদিবা জান্নাত অভিযোগ করে বলেন, ধর্মান্তরের বিষয়টি জানাজানি হলে তার পরিবারের পক্ষ থেকে তাকে জোরপূর্বক আটকে রাখার চেষ্টা করা হয়। পরে স্বামীর সহযোগিতায় তিনি স্বেচ্ছায় স্বামীর বাড়িতে চলে যান। এরপর থেকেই তার বাবা-মা তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে হয়রানি করছেন বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি নিজের ও স্বামীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যতে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।






