ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা

0
116
728×90 Banner

বিশেষ সংবাদদাতা : উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছেড়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে আজ দুপুরে ঢাকা থেকে রওনা দিয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে (ছেড়ে যায়) এয়ার অ্যাম্বুলেন্সটি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস,এম, রাগীব সামাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মধ্যবর্তী স্থানে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এঘটনার পর তার সহযোগী, পরিবার ও আত্নীয়স্বজনরা তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও হাদির পরিবারের লোকজন জানান, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে আটক করা হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ হামলার ঘটনায় শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত এলাকা থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি তিন সন্দেহভাজনকে আটক করেছে এলিট ফোর্স র‍্যাব।
সূত্র বলছে, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গতকাল রোববার রাতে রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সাংবাদিকদের জানায়, আজ সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস উইং থেকে গণমাধ্যমকে আরো জানানো হয়, ওসমান হাদির চিকিৎসা-সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।
অপরদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দিতে স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত আছেন।
এদিকে, রোববার (১৪ ডিসেম্বর) ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) বেলা ১১টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে ডিএমপির পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান সাংবাদিকদের জানান, মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here