
মো. ছগির হোসেন,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকবাহী ফেরির ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে জেলে কাওসার মৃধা (৩৬) নিখোঁজ রয়েছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছে অপর এক জেলে জাফর। বাকি জেলেরা তাৎক্ষণিক সাঁতরে কিনারে ওঠে। নিখোঁজ জেলে কাওসারের বাড়ি লালুয়ার মাঝের হাওলা গ্রামে। শুক্রবার সকাল আনুমানিক ১০টায় পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ফেরিটি কলাপাড়া থেকে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে এ্যাংকর সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে যাচ্ছিল। ট্রলারটি মাছ শিকার শেষে ফিরছিল। পায়রা বন্দর কোস্ট গার্ড সদস্যরা ফেরিটি জব্দ করেছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজ জেলের উদ্ধারে কোস্ট গার্ড পায়রা বন্দর সদস্যরা অভিযান চালাচ্ছে।






