গাজীপুরে কঙ্কাল ও অটো চালকের লাশ উদ্ধার, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

0
252
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্দাবাড়ী এলাকা থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে
পুলিশ। বুধবার দুপুরে ওই এলাকায় একটি নদীর পাড় থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান জানান, সকালে বান্দাবাড়ী এলাকায় নদীর পাড়ে একটি কঙ্কাল দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে কঙ্কালটি উদ্ধার করে। তিনি আরও জানান, গত ৩০ এপ্রিল কবিরাজ বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন বান্দাবাড়ী এলাকার মৃত আনার আলীর স্ত্রী জরিনা বেগম (৬৫)। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার স্বজনরা গত ২ মে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কঙ্কালটির পাশে থাকা জামা-কাপড় দেখে সেগুলো নিখোঁজ ওই বৃদ্ধার বলে জানিয়েছেন তারা। তবে পুলিশের সন্দেহ ৮/১০ দিন আগে কেউ মারা গেলে কঙ্কাল হওয়ার কথা নয়। ঘটনাটি সন্দেহজনক। কঙ্কালটি মর্গে পাঠানো হবে। সেটি নিখোঁজ হওয়া ওই বৃদ্ধার কি-না তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই মনিরুজ্জামান।
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু: কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। বুধবার সকালে উপজেলার ভোঙ্গাবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, উপজেলার ভোঙ্গাবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে কাঁটা পড়ে এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। সকাল ১০টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার পড়নে চেক লুঙ্গি রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই সুব্রত দাস।
অটোরিকশা চালকের লাশ উদ্ধার: কালীগঞ্জ থেকে শাহীন (২২) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বালীগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহীন বালীগাঁও মধ্যেপাড়া এলাকার আমবর আলীর ছেলে। তিনি ওই এলাকায় অটোরিকশা চালাতো। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় শাহীন। গতকাল বুধবার সকালে বালীগাঁও এলাকায় গামছা দিয়ে হাত, পা, মুখ ও চোখ বাঁধা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে শাহীনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, ধারণা করা হচ্ছে, শাহীনকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here