
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন; এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সদর থানার এসআই শহিদুল ইসলাম জানান, শনিবার বেলা পৌনে ১টার দিকে শহরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুম্মান হোসেন নাছির (১৮) গাজীপুর শহরের মাস্টারবাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
এসআই শহিদুল বলেন, শহরের ইটাহাটা এলাকার লিংকন কলেজ থেকে মোটরসাইকেলে করে তিন বন্ধু বাড়ি ফেরার পথে দক্ষিণ সালনা এলাকায় কনকর্ড পোশাক কারখানার সামনে বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে রাস্তায় পড়েন। এ সময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস নাছিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় নাছিরের বন্ধু ভীমবাজার এলাকার রবিন (২২), দক্ষিণ বাউপাড়া এলাকার আলামিন (১৮) ও অটোরিকশার যাত্রী আসোয়াত (১১) আহত হয় বলে জানান এসআই শহিদুল। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভ‚ষণ জানান, আহতদের মধ্যে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আলামিন ও আসোয়াতকে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।






