গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান

0
125
728×90 Banner

অলিদুর রহমান অলি: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৬ মে) বিকেলে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানের নাম ঘোষণা করেন।
সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী ও জনবহুল সিটি করপোরেশন। নগরবাসী একটি সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। তিনি দাবি করেন, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ড. হাফিজুর রহমান একজন গ্রহণযোগ্য প্রার্থী। তার নেতৃত্বে গাজীপুর সিটিতে ইতিবাচক ও মৌলিক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, ড. হাফিজুর রহমান এর আগে গাজীপুর-৬ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার প্রস্তুতি নেন। সে সময় আমীরে জামায়াতের আহ্বানে সাড়া দিয়ে তিনি তুরস্কে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন।
মেয়র প্রার্থী ঘোষণার পর বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, ইনশাআল্লাহ তরুণ প্রজন্মের প্রত্যাশা ও জুলাই শহীদদের আদর্শ সামনে রেখে একটি মানবিক, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তুলতে কাজ করব। শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা, নাগরিক সেবা সহজ করা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা হবে আমার অগ্রাধিকার।
তিনি আরও বলেন, গাজীপুরকে যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও পরিবেশ দূষণমুক্ত একটি বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, দায়িত্বশীল সদস্য, পেশাজীবী প্রতিনিধি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here