গুজব ও মিথ্যা না ছড়িয়ে সহযোগিতার অনুরোধ পুলিশের

0
251
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গুজব ছড়ানো ও মিথ্যাচার বন্ধ করে পুলিশকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ করা হয়েছে।
অন্যথায় গুজব ছড়িয়ে ও মিথ্যাচার করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ালে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার বিস্তার রোধে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে শুরু থেকেই পুলিশের দুই লক্ষাধিক সদস্য বিভিন্ন প্লাটফর্মে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনার বিস্তার রোধে সারা দেশে লাখো কোটি মানুষের সঙ্গে পুলিশের ইন্টারঅ্যাকশন বা সাক্ষাৎ হচ্ছে প্রতিদিন। এর মধ্যে গুটিকয়েক ঘটনা বা ইন্টারঅ্যাকশনের সময় পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। এ বিষয়গুলো নিউজ মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যেকোনো উপায়ে পুলিশ সদর দপ্তরের দৃষ্টিতে আসা মাত্রই মাঠ পর্যায়ে ইউনিট কমান্ডারদের তাত্ক্ষণিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে আইজিপি ব্যক্তিগতভাবে ভিডিওবার্তায় ও সেলফোনে অপারেশনাল সব কমান্ডারের সঙ্গে কথা বলেছেন। এতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের দৃষ্টিতে পড়েনি।
কিন্তু তার পরও কিছু নিউজ মিডিয়ায় নতুন করে পুরনো অভিযোগগুলো নিয়ে এমনভাবে নিউজ ছাপা হচ্ছে, যাতে মনে হচ্ছে এখনো বলপ্রয়োগ অব্যাহত রয়েছে। এছাড়া একটি দুষ্ট চক্র অতীতের বিভিন্ন সময়ের পুরনো ছবি ও ভিডিও, যেগুলোর বিষয়ে তদন্ত করে সে সময়েই ব্যবস্থা নেয়া হয়েছিল, এডিট করে বা কৌশলে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে পোস্ট দিচ্ছে। এমনকি ২০১১ সালে পুলিশ কর্তৃক বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস দমনের ছবিও ফটোশপ করে ব্যবহার করা হচ্ছে। সাধারণ মানুষ সেগুলো সহজেই বিশ্বাস করে তার বিপরীতে উষ্মা প্রকাশ করছে এবং তা শেয়ার করছে।
এ ধরনের মিথ্যাচারের ফলে পুলিশের প্রায় শতভাগ সদস্য, যারা দেশ ও জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়েও করোনা আক্রান্ত মরদেহ সত্কারসহ নানা উপায়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে চলেছেন, তারা মানসিকভাবে ডিমটিভেটেড হচ্ছেন। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গুজব ছড়ানো ও মিথ্যাচার বন্ধ করে পুলিশকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ করা হচ্ছে। অন্যথায় গুজব ছড়িয়ে ও মিথ্যাচার করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ালে উপযুক্ত আইনি ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here